ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের প্রস্তুতি পরিকল্পনায় কোনো পরিবর্তন আনছে না কঙ্গো। যদিও ইবোলাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশটির দলকে নিয়ে সতর্কতা জারি করেছে সহ-আয়োজক যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউজের বিশ্বকাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি জানিয়েছেন, ডিআর কঙ্গো দলকে বেলজিয়ামে তাদের প্রস্তুতি ক্যাম্পে ২১ দিনের জন্য কঠোর ‘বাবল’ ব্যবস্থার মধ্যে থাকতে হবে। এই নির্দেশনা মানা না হলে দলটিকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না-ও দেয়া হতে পারে।
২০২৬ বিশ্বকাপে ডিআর কঙ্গোর বেস ক্যাম্প হবে হিউস্টনে। দলটি ১৭ জুন পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শুরু করবে। এরপর ২৩ জুন মেক্সিকোর গুয়াদালাহারায় কলম্বিয়ার বিপক্ষে এবং ২৭ জুন আটলান্টায় উজবেকিস্তানের মুখোমুখি হবে। তবে দলের এক মুখপাত্র জানিয়েছেন, এখন পর্যন্ত তাদের সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। পরিকল্পনা অনুযায়ী ৩ জুন বেলজিয়ামের লিয়েজে ডেনমার্ক এবং ৯ জুন স্পেনের কাদিজে চিলির বিপক্ষে প্রীতিম্যাচ খেলবে তারা।
ডিআর কঙ্গো দলের সব খেলোয়াড়ই ইউরোপভিত্তিক এবং কোচ সেবাস্তিয়েনও ইউরোপে অবস্থান করছেন। তবে দেশটির কয়েকজন কর্মকর্তা সম্প্রতি কঙ্গো থেকে বেলজিয়ামের ক্যাম্পে যোগ দিয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ডিআর কঙ্গো ও প্রতিবেশী উগান্ডায় ছড়িয়ে পড়া বিরল বান্দিবুগিও ধরনের ইবোলাভাইরাস আন্তর্জাতিক জরুরি পরিস্থিতিতে রূপ নিয়েছে। এখন পর্যন্ত প্রায় ৭৫০টি সন্দেহভাজন সংক্রমণ এবং ১৭৭টি মৃত্যুর তথ্য পাওয়া গেছে।



