৩০ জনে নেমেছে কোচের তালিকা

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

হেড কোচ পদে ২৭০ জনের আবেদন। আর গোলরক্ষক কোচের অধীনে ৪০ জন কোচের আবেদন। বাফুফের দেয়া বিজ্ঞাপনের পর এভাবেই বাংলাদেশ জাতীয় দলের কোচ হতে আবেদনের হিড়িক পড়ে দেশী-বিদেশী কোচদের। এর মধ্যে আছে স্থানীয় জুলফিকার মাহমুদ মিন্টুর নামও। কোচদের বায়োডাটা যাচাই-বাছাই করার জন্য গঠিত কমিটি সেই তালিকা এখন ৩০ জনে নামিয়ে এনেছে। আর গোলরক্ষক কোচের তালিকা ২০ জনে নামিয়ে আনা হয়েছে। জানান, বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল ইসলাম হিলটন জানান এই তথ্য।

যে ২৭০ জন কোচ হেড কোচের পদের জন্য আবেদন করেছেন এদের মধ্যে ১৪২ জনের প্রো লাইসেন্স ছিল। বাকিরা ‘এ’ লাইসেন্সধারী। ফলে ‘এ’ লাইসেন্সধারীদের আগেই বাদ দেয়া হয়। আর গোলরক্ষক কোচদের জন্য চাওয়া হয়েছিল লেভেল ওয়ান কোর্স সার্টিফিকেট। ৩০ জনের খসড়া তালিকা থেকে ২০ জনের নাম আজকের মধ্যে বাফুফের সভাপতি বরাবর জমা দেয়া হবে। গোলরক্ষকদের শর্ট লিস্ট হবে ১০-১২ জনের। এরপর বাফুফে সভাপতি এবং ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান তাবিথ আওয়াল সিদ্ধান্ত নেবেন কে হবেন বাংলাদেশ দলের পরবর্তী কোচ।

শোনা গিয়েছিল ৩০ এপ্রিল পর্যন্ত চুক্তিবদ্ধ থাকা বাংলাদেশ দলের কোচ হাভিয়ার কারবেরা ফের আবেদন করেছেন এই পদে থাকার জন্য। এ ছাড়া জাতীয় দলের সাবেক কোচ জেমি ডেও আবেদন করেছিলেন বলে শোনা গিয়েছিল। তবে তা অস্বীকার করেছেন হিলটন। জানান, আমরা আবেদনপত্রে কাবরেরা ও জেমি ডের কোনো আবেদন পাইনি।

৩০ তালিকায় সর্বাধিক কোচ আর্জেন্টিনার। ম্যারাডোনা-মেসিদের দেশের পাঁচ-ছয় জন কোচ আবেদন করেছেন জামাল ভূঁইয়া-হামজা চৌধুরীদের দায়িত্ব নেয়ার জন্য। এ ছাড়া জার্মানির তিনজন, ব্রাজিলের একজন আছেন এই তালিকায়। ক্রোয়েশিয়া, প্যারাগুয়ে ও পর্তুগালের কোচও আছেন এই দৌড়ে। ভারতের সাবেক কোচ ক্রোয়েশিয়ান ইগর স্টিমাস বাংলাদেশের কোচ হওয়ার আবেদন করলেও তার তা বাদ দেয়া হয়েছে। বাফুফের টেকনিক্যাল কমিটি অবশ্য বেশ গুরুত্ব দিচ্ছে স্থানীয় প্রো লাইসেন্সধারী জুলফিকার মাহমুদ মিন্টুর আবেদনকে। কারণ তিনিই একমাত্র বাংলাদেশী হিসেবে এই আবেদন করেছেন।

নতুন হেড কোচ কত বেতন পাবেন সেটা একটা আলোচ্য। স্প্যানিশ কোচ হাভিয়ার কাবরেরা সাড়ে ১৩ হাজার ডলার বেতন পেতেন। এ ছাড়া বাড়ি ভাড়া বাবদ আরো দেড় লাখ টাকা পেতেন। তবে বাফুফে নতুন কোচকে ১৫-১৬ হাজার ডলারের বেশি বেতন দিতে চাচ্ছে না। বাকিটা চূড়ান্তভাবে মনোনয়ন পাওয়া কোচদের সাথে আলোচনায় ফাইনাল হবে।

বাংলাদেশ দলের পরবর্তী মিশন ৫ জুন সানমেরিনোর সাথে ফিফা প্রীতি ম্যাচ। এরপর সেপ্টেম্বরে সাফ ফুটবল। তাই আগামী মাসেই কোচ চূড়ান্ত করা হবে।