ডিপিএলে পাঁচ সেঞ্চুরি তিন ফাইফার

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

ঈদুল আজহার আগে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সপ্তম রাউন্ড যেন হয়ে উঠেছিল ব্যাটার এবং বোলারদের উৎসব। জাতীয় দলের ক্রিকেটাররা এই রাউন্ডে ফেরায় লিগের উত্তেজনা, উন্মাদনা বেড়ে যায়। প্রতি ম্যাচেই ছিল সেঞ্চুরির ঝলকানি! ব্যাটারদের সেঞ্চুরির উৎসবের দিনে পাঁচ উইকেট নিয়ে আলো ছড়িয়েছেন স্পিনার তাইজুল ইসলাম (২৬ রানে ৫ উইকেট), আমিনুল ইসলাম বিপ্লব (৪৮ রানে) ও পেসার এনামুল হক আশিক (৪১)। টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আবাহনী লিমিটেডের হয়ে মাত্র ৮০ বলে সেঞ্চুরি পেয়েছেন। সিটি ক্লাবের হয়ে সেঞ্চুরি তুলেছেন এনামুল হক। ৪০ পেরোনো এই ক্রিকেটার লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম সেঞ্চুরির স্বাদ পেয়েছেন। মিরপুর শেরেবাংলায় দ্যুতি ছড়িয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জের ইরফান শুক্কুর (১২৭)। বসুন্ধরা স্ট্রাইকার্সের ফজলে রাব্বী ১৩২ রান করেছেন। দিনের শেষ সেঞ্চুরি করেন রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের আবদুল্লাহ।

আবাহনী ৯ উইকেটে জয়ী

পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন নাজমুল হোসেন শান্ত। সেই ধারাবাহিকতাই দেখা গেল ঘরোয়া ক্রিকেটেও। তার ঝড়ো সেঞ্চুরিতে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী ৯ উইকেটে হারিয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে। ইউল্যাব মাঠে গতকাল টস জিতে প্রথমে ব্যাট ৪২.১ ওভারে ১৭৮ রানে গুটিয়ে যায় অগ্রণী ব্যাংক। লক্ষ্য তাড়ায় দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন ১৭১ রানের জুটি গড়ে ম্যাচ একাই বের করে আনেন নাজমুল হোসেন শান্ত (১০৮*) ও মাহিদুল ইসলাম অঙ্কন (৫৬*)। তাতে ৩১.৪ ওভারে ৯ উইকেটে সহজ জয় আবাহনীর।

২৩৭ রানে জয়ী মোহামেডান

আগে ব্যাটিং করে মোহামেডান ৯ উইকেটে ৩৪৫ রান করে। জবাব দিতে নেমে গুলশান ক্লাব মাত্র ১০৮ রানে গুটিয়ে যায়। ২৩৭ রানে জয় পায় মোহামেডান। মতিঝিল পাড়ার ক্লাবটির হয়ে অধিনায়ক তৌহিদ হৃদয় সর্বোচ্চ ৮৬ রান করেন। এ ছাড়া মুশফিকুর রহীম ৭২ ও আফিফ হোসেন ৫৫ রান করেন। জবাবে তাইজুল ও তানভীরের ঘূর্ণিতে মোহামেডানের জয় নিশ্চিত হয়ে যায়। তাইজুল ৯.২ ওভারে ২৬ রানে ৫ উইকেট নেন। তানভীর ১০ ওভারে ৩৭ রানের খরচে চার উইকেট পেয়েছেন।

ইরফানের সেঞ্চুরি

মিরপুরে লো স্কোরিং ম্যাচে দ্যুতি ছড়িয়েছেন ইরফান শুক্কুর। গাজী গ্রুপ ক্রিকেটার্স আগে ব্যাটিং করতে নেমে ২১০ রানে গুটিয়ে যায়। জবাবে শুক্কুরের ১২৭ রানে রূপগঞ্জ সহজে জয় পায়। ৭৫ বলে ১৮ চার ও ৫ ছক্কায় বাঁ হাতি এই ব্যাটার ইনিংস সাজান।

এনামুলের প্রথম সেঞ্চুরি আশিকের ফাইফার

বিকেএসপির দুই নাম্বার মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারিয়েছে সিটি ক্লাব। সিটি ক্লাবের ওপেনার এনামুল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি (৯৭ বলে ৬ চার ৫ ছক্কায় ১০৩) করেছেন। তার ইনিংসে ভর করে সিটি ক্লাব ২৬৬ রান করে। জবাবে বিশাল ব্যাটিং লাইনআপ থাকা সত্ত্বেও প্রাইম ব্যাংক ৯ উইকেটে ২৪৭ রান করলে ১৯ রানে জয় পায় সিটি ক্লাব। প্রাইম ব্যাংকের হয়ে আজিজুল হাকিম ৯৫ রান তুলে দলকে লড়াইয়ে রেখেছিলেন। কিন্তু তাকে কেউ সহযোগিতা করতে না পারায় শেষ দিকে হারতে হয় প্রাইম ব্যাংককে। ৪১ রানে ৫ উইকেট নিয়ে পেসার এনামুল হক আশিক একাই ধসিয়ে দেন প্রাইম ব্যাংককে।

ফজলে মাহমুদের সেঞ্চুরি

বসুন্ধরা স্ট্রাইকার্স সাত রানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। বসুন্ধরা ৫ উইকেটে ৩২৪ রান করে। ব্রাদার্সের ইনিংস থামে ৩১৭ রানে। বসুন্ধরা স্ট্রাইকার্সের হয়ে ফজলে মাহমুদ সর্বোচ্চ ১৩২ রান করেন। চার রানের জন্য ইমরানুজ্জামান সেঞ্চুরি মিস করেন। ব্রাদার্সের হয়ে শাহরিয়ার কমল সর্বোচ্চ ৬৯ রান করেন। বল হাতে আমিনুল ইসলাম বিপ্লব ৫ উইকেট নিয়ে বসুন্ধরা স্ট্রাইকার্সকে দুর্দান্ত জয় এনে দেন।

আবদুলাহর ১০০

ঢাকা লেপার্ডস ৩০ রানে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে। আগে ব্যাটিং করে ঢাকা লেপার্ডস ইফতেখার হোসেন ইফতির ৯১ ও মোহাম্মদ মিঠুনের ৭১ রানে ৭ উইকেটে ২৭৬ রান করে। জবাব দিতে নেমে রূপগঞ্জ টাইগার্সের আবদুল্লাহর ১০০ রানে ২৪৬ রান করে ৫ উইকেট হারিয়ে।