দুই যুবক ও গৃহবধূকে হত্যা, ধর্ষণ-যৌনপীড়ন চার শিশুকে

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

দেশের তিন জেলায় দুই যুবক ও এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। এ ছাড়া ট্রেনের ছাদ থেকে রক্তাক্ত যুবক ও নিজ বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

এরমধ্যে নরসিংদীর পলাশে পূর্বশত্রুতার জেরে যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতে, ময়মনসিংহের মুক্তাগাছায় পাওনা টাকা চওয়ায় যুবককে মারধর ও গলাটিপে হত্যা করা হয়েছে। এ ছাড়া যশোরের চৌগাছায় স্ত্রীকে হত্যার পর বিদেশে পালিয়ে যাওয়ার সময় ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হয়েছেন এক প্রবাসী। অপর দিকে কুষ্টিয়ায় ট্রেনের ছাদ থেকে এক যুবকের রক্তাক্ত লাশ ও পটুয়াখালীর দশমিনায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

এ দিকে দেশের দুই জেলায় দুই শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ছাড়া বাগেরহাটের ফকিরহাটে ১১ বছরের শিশুকে যৌন নিপীড়ন এবং যশোরের চৌগাছায় খাবারের প্রলোভনে তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে বৃদ্ধের বিরুদ্ধে।

প্রকাশ্যে যুবককে হত্যা

নরসিংদী প্রতিনিধি জানান, নরসিংদীর পলাশে পূর্বশত্রুতার জের ধরে প্রকাশ্যে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় ছুরিকাঘাতে আহত হয়েছেন আরো দুই যুবক। গত শুক্রবার বিকেলে পলাশ উপজেলার মাঝেরচর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আশিক ভূঁইয়া (২০) উপজেলার মাঝেরচর গ্রামের মনির হোসেন ভূঁইয়ার ছেলে। আর আহত হয়েছেন একই এলাকার বকুল ভূঁইয়ার ছেলে রুহুল আমিন (২০) ও মান্নান ফকিরের ছেলে ইলিয়াস। তাদের মধ্যে রুহুল আমিনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দিকে এ ঘটনায় গতকাল সকালে নিহতের স্বজনরা ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী নিয়ে হত্যাকারীর বাড়িতে আগুন লাগিয়ে দেয়।

ব্যবসায়ীকে শ^াসরোধে হত্যা

মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের মুক্তাগাছায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক কলা ব্যবসায়ীকে প্রথমে মারধর ও পরে গলাটিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকেলে উপজেলার রসুলপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহতের নাম শফিকুল ইসলাম শফু (৩৫)। তিনি পার্শ^বর্তী চানপুর গ্রামের মৃত হাসুন আলীর ছেলে। এ বিষয়ে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বকুল মুন্সি নামে একজনকে আটক করেছে।

স্ত্রীকে হত্যা করে বিদেশে পালানোর চেষ্টা

চৌগাছা (যশোর) সংবাদদাতা জানান, যশোরের চৌগাছায় স্ত্রীকে হত্যা করে সিঙ্গাপুর পালিয়ে যাওয়ার সময় স্বামী লিজন রেজাকে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ আটক করেছেন। পরে তাকে চৌগাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় নিহত রানীর বাবা মোস্তফা হোসেন বাদি হয়ে চৌগাছা থানায় একটি হত্যা মামলা করেছেন।

চৌগাছা থানা সূত্রে জানা যায়, স্ত্রী রানী খাতুনকে (২২) হত্যা করে স্বামী লিজন রেজা পুলিশের চোখে ধুলা দিয়ে সিঙ্গাপুর পালিয়ে যাচ্ছিলেন। খবর পেয়ে চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ ঢাকা এয়ারপোর্ট ইমিগ্রেশন পুলিশের সাথে যোগাযোগ করেন। পরে এয়ারপোর্ট ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

নিহত রানী খাতুন চৌগাছা উপজেলার সিংহঝুলী ইউনিয়নের মশিউরনগর গ্রামের মোস্তফা হোসেনের মেয়ে। তিনি পৌর শহরের ডাকবাংলো পাড়ায় সানাউল্লাহর বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়া ছিলেন। আর স্বামী সিংগাপুর প্রবাসী লিজন রেজা (৩৬) মেহেরপুর সদর উপজেলার টুংগী গ্রামের সদর আলীর ছেলে। তিনি সম্প্রতি পরিবারের কাউকে কিছু না জানিয়ে দেশে এসেছিলেন।

ট্রেনের ছাদ থেকে যুবকের লাশ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়ায় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ট্রেনটি কুষ্টিয়া কোর্ট স্টেশনে পৌছার পর লাশটি স্থানীয়দের নজরে পড়লে পুলিশ তার উদ্ধার করে। নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি থেকে জানা গেছে, ওই যুবকের নাম আশরাফুল ইসলাম। বাড়ি চট্টগ্রামের বাঁশখালী থানাধীন সাধনপুর গ্রামে। বাবার নাম বজল আহমেদ।

প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা জানান, পটুয়াখালীর দশমিনায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার রণগোপালদী ইউনিয়নের গুলি আউলিপুর গ্রামের চরঘুনী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মোসা: সালমা পারভীন (৩৫) ওই এলাকার মালয়েশিয়া প্রবাসী বশির বেপারীর স্ত্রী এবং ধুমকি উপজেলার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার নুর ইসলাম হাওলাদারের মেয়ে।

ফতুল্লায় ৬ বছরের শিশু ধর্ষিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি ও ফতুল্লা সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নে ছয় বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

গতকাল ফতুল্লা ভিকটিমকে দেখতে, তার সাথে কথা বলতে ও তার পাশে দাঁড়াতে মডেল থানায় যান জেলা প্রশাসক (ডিসি) মো: রায়হান কবির, পুলিশ সুপার (এসপি) মো: মিজানুর রহমান মুন্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস,এম ফয়েজ উদ্দিনসহ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখানে ভিকটিম ও তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন তারা। এর আগে শুক্রবার বিকেলে ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আনন্দবাজার লালচর এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় গ্রেফতার দুই অভিযুক্ত হলো একই এলাকার মনির হোসেনের ছেলে হিরো (২২) ও জামাল পাটোয়ারীর ছেলে সোহেল (২১)।

রাতে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। এরপর অভিযুক্ত হিরোকে আটক করে গণপিটুনি দেন তারা। পরে গুরুতর অবস্থায় পুলিশ তাকে উদ্ধার আটক করে হাসপাতালে নিয়ে যায়। এ ছাড়া ওই রাতেই সোহেল নামে অপর অভিযুক্তকেও আটক করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ঘটনার পর শিশুটির মা বিষয়টি বুঝতে পারলেও লোকলজ্জার ভয়ে প্রথমে কাউকে কিছু জানাননি। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান। বর্তমানে শিশুটি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

ঢাকা জেলা প্রতিনিধি জানান, ঢাকার কেরানীগঞ্জে চার বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে র?্যাব-১০। এক অটোরিকশা চালকের কাছ থেকে খবর পেয়ে র?্যাব-১০ এর একটি টহল দল গতকাল দুপুরে ঝিলমিল আবাসন প্রকল্পের নির্জন ঝোপের ভেতর থেকে যুবক শাহ পরানের হাত থেকে শিশুটিকে উদ্ধার করে। অভিযুক্ত ব্যক্তির অভিযুক্তের বাড়ি পটুয়াখালীর শেখহাটি এলাকায়।

জানা যায়, ওই শিশুর পরিবার ও অভিযুক্ত শাহ পরান উভয়েই ঝাউবাড়ি এলাকার হাফেজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া। শাহ পরান শিশুটিকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাসা থেকে নিয়ে যায়। পরে তাদের বহনকারী অটোরিকশাচালকের বিষয়টি সন্দেহজনক মনে হলে র?্যাব-১০ এর টহলরত টিমকে জানান।

অটোচালক মো: রাকাত (৩৮) জানান, ঘটনাটি আঁচ করতে পেরে তিনি দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। খবর পেয়ে র?্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার এবং অভিযুক্ত ব্যক্তিকে আটক করে।

১১ বছরের শিশুকে যৌন নিপীড়ন

ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা জানান, ১১ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বাগেরহাটের ফকিরহাট মডেল থানায় মামলা হয়েছে। উপজেলার ছোট বাহিরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত আসামি শওকত শেখ (৪১) পলাতক আছেন তিনি। ওই এলাকার মৃত জালাল শেখের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভিকটিমের বাবা পেশায় ভ্যানচালক। প্রতিদিনের মতো গত ১৮ মে সকাল ১০টার দিকে শিশুটি বাড়ির সামনে রাস্তার ওপর রাখা বাবার ভ্যানগাড়িটি পরিষ্কার করছিল। এ সময় বখাটে শওকত শেখ পেছন থেকে তাকে জাপটে ধরে যৌন নিপীড়ন করে। এ সময় শিশুটির চিৎকার শুনে পরিবারের লোকজন ছুটে এলে শওকত সেখান থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা জানান অভিযুক্ত শওকত শেখ এলাকায় একজন চিহ্নিত বখাটে, দীর্ঘদিন ধরে স্কুলগামী ছাত্রীদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। সম্প্রতি একটি মাদক মামলা থেকে জামিনে ছাড়া পেয়েই এই জঘন্য অপরাধ করেছে।

খাবার প্রলোভনে শিশুকে ধর্ষণের চেষ্টা

বেনাপোল (যশোর) সংবাদদাতা জানান, যশোরের শার্শায় তিন বছরের এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী আলম গাজীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে শার্শা থানা পুলিশ। আলম গাজী উপজেলার স্বরূপদাহ গ্রামের মৃত জহুর গাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ মে সকাল ৯টার দিকে শিশুটি দাদার সাথে বাড়ির উঠানে খেলছিল। এ সময় প্রতিবেশী আলম গাজী তাকে খাবারের প্রলোভন দেখিয়ে পাশের একটি মাছের ঘেরের টংঘরে ধর্ষণের চেষ্টা করে। তখন ওই টং ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয় এক নারী শিশুটির কান্নার শব্দ শুনতে পেয়ে দরজা খুলে এ ঘটনা দেখতে পান।