মুন্সীগঞ্জ প্রতিনিধি
টেলিগ্রাম অ্যাপে পরিচয়, এরপর কোটিপতি হওয়ার স্বপ্ন দেখিয়ে ডেকে এনে সর্বস্ব লুটে নিয়েছে একটি ছিনতাইকারী চক্র। মুন্সীগঞ্জের শ্রীনগরে সঙ্ঘবদ্ধ এই ছিনতাইয়ের ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত মোটরসাইকেল ও মোবাইল ফোন। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন ইয়াসিন মোল্লা (২১) ও আল হাসিব (২২)। এই চক্রের আরেক সদস্য সজীব মোল্লা (৪৫) পলাতক রয়েছেন।
পুলিশ ও ভুক্তভোগী সূত্র জানায়, প্রায় ছয় মাস আগে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে সাকিব শেখ নামের এক যুবকের সাথে ইয়াসিন মোল্লার পরিচয় হয়। ইয়াসিন নিজেকে প্রভাবশালী ও ধনী প্রমাণ করতে সাকিবকে মাওয়া ঘাটে ইলিশ খাওয়ানো এবং অনলাইনে দ্রুত কোটিপতি হওয়ার প্রলোভন দেখান। একপর্যায়ে একটি ল্যাপটপ বিক্রির কথা বলে সাকিব ও তার বন্ধু ইউনুচ শেখকে শ্রীনগরে ডাকেন ইয়াসিন। গত বুধবার রাত সোয়া ১২টার দিকে সাকিব ও ইউনুচ শ্রীনগরের ছনবাড়ী ফ্লাইওভারের পশ্চিম ঢালে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে ইয়াসিন ও তার সহযোগীরা পথরোধ করেন। এ সময় তাদের মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে একটি মোটরসাইকেল, দুটি স্মার্টফোন, নগদ টাকা ও ইলেকট্রনিক সামগ্রী ছিনিয়ে নেয়।



