চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকার একটি শিপিং এজেন্টের অফিস থেকে প্রায় দেড় কোটি টাকা চুরির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচ লাখ ৯২ হাজার টাকা এবং দুই হাজার ইউএস ডলার উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- ভোলার মো: শাহাব উদ্দিনের ছেলে মো: শাওন (২৩), চাঁদপুরের কচুয়া থানার মো: কাশেমের ছেলে মো: হৃদয় (২০), নগরের সদরঘাটে বাবু মিয়ার ছেলে মো: রাসেল (২৩) এবং ভোলার বোরহানউদ্দিনের মাহফুজুল হকের ছেলে ইমাম হোসেন (৪৪)।
পুলিশ জানায়, গত ১৯ ফেব্রুয়ারি সকালে আগ্রাবাদ মোড়ের বিএম হাইটসের তৃতীয় তলায় নবাব অ্যান্ড কোম্পানি ও এনসি শিপিংয়ের অফিসের দরজা খুলে ভেতরে প্রবেশ করে কর্মীরা দেখতে পান অফিস এলোমেলো, কাগজপত্র চার দিকে ছড়ানো এবং দক্ষিণ পাশের জানালার গ্রিল কাটা। পরে দেখা যায়, অফিসের বিভিন্ন ফাইল ক্যাবিনেট ভেঙে মোট ১ কোটি ৪৩ লাখ ১০ হাজার টাকা, তিনটি এফডিআর সনদ এবং একটি দাহুয়া ব্র্যান্ডের ডিভিআর চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে ২০ ফেব্রুয়ারি থানায় মামলা হয়।
মামলার তদন্তে নেমে পুলিশ প্রথমে পশ্চিম মাদারবাড়ী এলাকা থেকে মো: শাওন (২৩) নামের এক যুবককে গ্রেফতার করে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে শাওন জানায়, তিনি তার সহযোগী হৃদয় ও ‘চেগা রাসেল’কে সাথে নিয়ে গত ১৮ ফেব্রুয়ারি রাতে জানালার গ্রিল কেটে অফিসে ঢুকে চুরি করে।
শাওনের তথ্যের ভিত্তিতে পুলিশ বারিক বিল্ডিং এলাকায় অভিযান চালিয়ে হৃদয় ও রাসেলকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে যথাক্রমে দুই লাখ ৫০ হাজার টাকা ও এক হাজার ডলার এবং তিন লাখ টাকা ও ৫০০ ডলার উদ্ধার করা হয়।



