এএফপি
কয়েক মাসের তীব্র রাজনৈতিক উত্তেজনার অবসান ঘটিয়ে সেনেগালের প্রধানমন্ত্রী ওসমান সোনকোকে বরখাস্ত করে সরকার ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাসিরু দিওমায়ে ফায়ে। গত শুক্রবার এক আকস্মিক অধ্যাদেশ জারির মাধ্যমে রাষ্ট্রীয় টেলিভিশনে এই ঘোষণা দেয়া হয়। বিশাল ঋণের বোঝায় জর্জরিত পশ্চিম আফ্রিকার এই দেশটিতে এ ঘটনা রাজনৈতিক সঙ্কটকে আরো ঘনীভূত করে তুলেছে।
সম্প্রতি এক বক্তব্যে সোনকো পশ্চিমা বিশ্বের তীব্র সমালোচনা করে বলেন, ‘স্বৈরাচারী’ পশ্চিমা দেশগুলো বাকি বিশ্বের ওপর সমকামিতা ‘চাপিয়ে দেয়ার’ চেষ্টা করছে। সমকামিতার অপরাধে শাস্তি আরো কঠোর করতে সেনেগালে একটি নতুন আইন পাস করার পর তিনি এই মন্তব্য করেন। এর কয়েক ঘণ্টার মাথাতেই তাকে পদ থেকে সরিয়ে দেয়া হয়। সোনকো জানান, আইনটি পাসের পর তিনি বিদেশ থেকে, বিশেষ করে ফ্রান্সের কাছ থেকে তীব্র সমালোচনা শুনেছেন।
পশ্চিমাদের উদ্দেশে তিনি বলেন, ‘তারা যদি এই পথ (সমকামিতা) বেছে নিয়ে থাকে, তবে সেটা তাদের সমস্যা। এ বিষয়ে তাদের কাছ থেকে আমাদের কোনো শিক্ষা নেয়ার প্রয়োজন নেই, একদমই না।’



