সিলেট ব্যুরো
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪১ লাখ ৩৫ হাজার টাকার অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার রাতে গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে অনুদানের চেক গ্রহণ করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
এ সময় প্রধানমন্ত্রী সাম্প্রতিক সিলেট সফরের প্রসঙ্গ তুলে নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যের প্রশংসা করেন। তিনি পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল নগর পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন এবং সিলেটের উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনের ধারাবাহিকতা বজায় রাখতে সিসিক প্রশাসনের প্রতি আহ্বান জানান।
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট নগরীর উন্নয়ন ও নগরবাসীর কল্যাণে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক। সিলেটকে আধুনিক, পরিচ্ছন্ন ও উন্নত নগর হিসেবে গড়ে তুলতে তিনি বিভিন্ন সময় প্রয়োজনীয় দিকনির্দেশনা, উৎসাহ ও সহযোগিতা দিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর এই অনুদানে পরিচ্ছন্নতা কর্মীরা আরো উৎসাহিত হবেন এবং তাদের কাজের গতি ও মনোবল বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের ১৩টি সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ঈদ উপহার হিসেবে অনুদান প্রদান করেন। এ সময় স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ ১৩ সিটি করপোরেশনের প্রশাসকরা উপস্থিত ছিলেন।



