পাখির প্রতি সুপ্তার ভালোবাসা : রাহেলা আক্তার

Printed Edition
পাখির প্রতি সুপ্তার ভালোবাসা  : রাহেলা আক্তার
পাখির প্রতি সুপ্তার ভালোবাসা : রাহেলা আক্তার

সুপ্তা ও সুমনা দুই বোন। খুনসুটি, হাসি-কান্না, ঝগড়া সব মিলিয়ে তাদের দিন কাটে আনন্দে। সুপ্তা চঞ্চল আর প্রাণবন্ত, আর সুমনা শান্ত ও সহজ-সরল।

প্রতিদিনকার মতো আজো স্কুল থেকে ফিরে দুপুরে দু’জন উঠোনে খেলছিল। উঠোনের এক কোণে ছিল একটি পেয়ারা গাছ, আর তার নিচে একটি টিউবওয়েল। গাছভর্তি ডাশা-ডাশা পেয়ারা। কিছু কাঁচা, কিছু পাকা। সুমনা পাকা পেয়ারা পাড়তে শুরু করতেই সুপ্তা বলল-

আজ আর সব পেয়ারা পাড়িস না। আমরা যদি সব নিয়ে নিই, পাখিরা খাবে কী?

সুমনা হেসে বলল, ‘আগে আমরা খাবো, তারপর পাখিরা খাবে!’

সুপ্তা একটু গম্ভীর হয়ে বলল-

আমরা মানুষ, আমরা খাবার জোগাড় করে রান্না করে খেতে পারি। কিন্তু পাখিরা তো প্রকৃতির ওপর নির্ভরশীল। তারা গাছের ফল খেয়েই বাঁচে। আমরা যদি তাদের কথা না ভাবি, তারা না খেয়ে থাকবে। তখন ভোরের মিষ্টি কিচিরমিচির শুনতে পাবি না। প্রকৃতি নীরব হয়ে যাবে।

সুমনা মাথা নিচু করে বলল-

তুই ঠিক বলেছিস। আজ থেকে পাখিদের জন্য কিছু পাকা ফল রেখে দেবো।

কথা শেষ হতেই যেন প্রকৃতি তাদের কথা শুনল। হঠাৎ একঝাঁক পাখি এসে বসল পেয়ারা গাছে। কেউ ঠুকরে ফল খাচ্ছে, কেউ মিহি সুরে গান গাইছে। তাদের মধ্যে একটি শালিক পাখির ছোট্ট ছানা ছিল। হঠাৎ ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করতে গিয়ে ছানাটি টুপ করে নিচে পড়ে গেল টিউবওয়েলের পাশে জমে থাকা পানিভর্তি ছোট গর্তে। ছানাটি ডানা ঝাপটাচ্ছিল; কিন্তু উড়তে পারছিল না। গাছের ডালে বসে মা পাখি আর অন্য পাখিরা উৎকণ্ঠায় কিচিরমিচির শুরু করল।

অস্বাভাবিক শব্দ শুনে সুপ্তা দৌড়ে গিয়ে দেখে- ছোট্ট পাখিটি পানিতে কাঁপছে। সে দ্রুত ছানাটিকে তুলে এনে শুকনো নরম কাপড়ে মুছে খাঁচায় রেখে রোদে দিলো। গাছের সব পাখি উড়ে নেমে খাঁচার পাশে বসে রইল। যেন তারা পাহারা দিচ্ছে। মা পাখি বারবার ছানাকে ডাকছে। ছানাটি তখনো কাঁপছিল।

কিছুক্ষণ পর রোদের উষ্ণতায় ছানাটি শুকিয়ে উঠল। ডানা মেলে একটু উড়তেই মা পাখি তাকে নিয়ে আবার পেয়ারা গাছে ফিরে গেল। সুপ্তা আনন্দে হাততালি দিলো। পাখিরা যেন কৃতজ্ঞতার সুরে গান গাইতে লাগল।

সুপ্তা হেসে বলল-

‘বন্ধুরা, আস্তে আস্তে খাবে কিন্তু! তাড়াহুড়ো করলে বিপদ হতে পারে। প্রতিদিন আসবে। তোমাদের জন্য ফল, ধান, গম রাখব। আর এই জলাশয়টাও ভরাট করে দেবো, যাতে আর কেউ পড়ে না যায়।’

হঠাৎ মা পাখি আর তার ছানাটি উড়ে এসে সুপ্তার দুই কাঁধে বসল। সুপ্তা আলতো করে তাদের গায়ে হাত বুলিয়ে দিলো। তার চোখে তখন অপার আনন্দ।

আমরা যদি একটু সচেতন হই তবেই মানুষ ও প্রাণী মিলে গড়ে তুলতে পারি এক সুন্দর, সুরেলা পৃথিবী।