জিয়ানগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি, উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফায়জুল কবির তালুকদার (৫৫) শনিবার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার সকালে তিনি ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ মাসুদ সাঈদী, তিনি মরহুমের পরিবারের প্রতি শোক প্রকাশ করে বলেন, ফায়জুল কবির তালুকদার জনগণের পাশে থাকা এক ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে জিয়ানগরের রাজনৈতিক অঙ্গনে গভীর শূন্যতার সৃষ্টি হলো। যে অভাব সহজে কাটিয়ে উঠা সম্ভব হবে না।
আরো শোক জানিয়েছেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জিয়ানগর প্রেস ক্লাবের সভাপতি খান মো: নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান খান, উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক হাওলাদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলী হোসাইন ও সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল। জিয়ানগর (পিরোজপুর) সংবাদদাতা।



