গাবতলীর হাটে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

চোরাইপথের নয় বৈধ ও শরিয়তসম্মত উৎসবে পশু কিনুন

Printed Edition
রাজধানীর গাবতলীতে স্থায়ী পশুরহাট পরিদর্শন করেন প্রাণীসম্প্রদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দীন টুকু : নয়া দিগন্ত
রাজধানীর গাবতলীতে স্থায়ী পশুরহাট পরিদর্শন করেন প্রাণীসম্প্রদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দীন টুকু : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর বাজারে অবৈধ পশু প্রবেশ ঠেকাতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, চোরাইপথে আসা পশু নয়, বৈধ ও শরিয়তসম্মত উৎস থেকে কোরবানির পশু কেনার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

গতকাল শনিবার রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘অবৈধ বা চোরাইপথে আসা পশু কোরবানির উপযোগিতা সম্পর্কে ধর্মীয় বিশেষজ্ঞ ও মুফতিরাই সঠিক ব্যাখ্যা দিতে পারবেন। তবে কোরবানি যেহেতু আল্লাহকে রাজি-খুশি করার ইবাদত, তাই সহি ও হালাল পদ্ধতিতে কোরবানি নিশ্চিত করতে হবে।’ তিনি জানান, এবারের ঈদে দেশে প্রায় এক কোটি ২৩ লাখ গবাদিপশু প্রস্তুত রয়েছে। সম্ভাব্য চাহিদা প্রায় এক কোটি এক লাখ হওয়ায় প্রায় ২২ লাখ পশু উদ্বৃত্ত থাকবে। ফলে বিদেশ থেকে পশু আমদানির কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেন তিনি। এ সময় প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক মো: শাহজামান খান, অধিদফতরের পরিচালক ডা: মো: বয়জার রহমানসহ মন্ত্রণালয় ও অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।