ইন্দোনেশিয়ায় মসজিদে বিস্ফোরণে আহত অর্ধশতাধিক

Printed Edition

আলজাজিরা

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি মসজিদে বিস্ফোরণের ঘটনায় অন্তত ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে উত্তর জাকার্তার কেলাপা গাডিং এলাকায় অবস্থিত একটি স্কুল কমপ্লেক্সের মসজিদে এই বিস্ফোরণ ঘটে। স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে জুমার নামাজ চলাকালীন বিস্ফোরণটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজের সময় হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে পুরো ভবন এবং মুহূর্তেই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় মসজিদ এলাকা। আহতদের মধ্যে অনেকেই শিক্ষার্থী ও শিক্ষক, যারা স্কুলের মসজিদে নামাজ পড়তে এসেছিলেন।

জাকার্তা পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে অন্তত ৫৪ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। শেষ খবর পর্যন্ত কোনো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। বিস্ফোরণের কারণ সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায়নি। তবে ইন্দোনেশিয়ার সন্ত্রাসবিরোধী বাহিনী ‘ডিটাচমেন্ট ৮৮’ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, মসজিদে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বা বৈদ্যুতিক ত্রুটি থেকে বিস্ফোরণ ঘটতে পারে, তবে সব সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পরপরই স্কুল কমপ্লেক্সটি ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অভিভাবকরা দ্রুত সন্তানদের নিরাপদে সরিয়ে নিতে ছুটে আসেন।