ক্রীড়া প্রতিবেদক
বিসিবি নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে বৈধ প্রার্থী হিসেবে টিকে আছেন ৩২ জন। তিনটি ক্যাটাগরিতে জমা পড়া ৩৩টি মনোনয়নপত্রের মধ্যে বাতিল হয়েছে গোলাপগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার জসিম উদ্দীন খান খসরুর মনোনয়ন। নির্বাচনে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, ক্লাব ক্যাটাগরি এবং তৃতীয় ক্যাটাগরি মিলিয়ে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। পরে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে আরো দু’জন পরিচালক মনোনীত করা হবে।
সবচেয়ে বেশি আগ্রহ তৈরি হয়েছে ক্লাব ক্যাটাগরিকে ঘিরে। ১২টি পদের বিপরীতে এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৮ জন। এই ক্যাটাগরিতে নির্বাচন করছেন ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব থেকে তামিম ইকবাল। আবাহনীর প্রতিনিধি হিসেবে ফাহিম সিনহা, মোহামেডান থেকে মাসুদজ্জামান, লিজেন্ডস অব রূপগঞ্জ থেকে লুৎফর রহমান এবং শাইনপুকুর থেকে আসিফ রব্বানীও লড়াইয়ে রয়েছেন।
জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার ক্যাটাগরিতে মোট ১০টি পদের বিপরীতে মনোনয়ন কিনেছিলেন ১৪ জন। কয়েকটি বিভাগে ইতোমধ্যেই নিশ্চিত হয়ে গেছে পরিচালক পদ। ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে সাঈদ বিন জামান এবং জামালপুর জেলা ক্রীড়া সংস্থা থেকে এস এম আবদুল্লাহ আল ফুয়াদ পরিচালক হতে যাচ্ছেন। রংপুর বিভাগের ঠাকুরগাঁও থেকে মির্জা ফয়সাল আমীন, রাজশাহী বিভাগের বগুড়া জেলা ক্রীড়া সংস্থা থেকে মীর শাকরুল আলম সীমান্ত এবং সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে নির্বাচিত হচ্ছেন আবদুল কাইয়ুম চৌধুরী। তৃতীয় ক্যাটাগরিতে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। তিনিও হচ্ছেন পরিচালক।
চট্টগ্রাম বিভাগে দুই পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন মিনহাজুল আবেদীন নান্নু, মঈন উদ্দীন চৌধুরী ও শরীফুল ইসলাম। খুলনাতেও দুই পদের বিপরীতে লড়বেন তিনজন-শফিকুল আলম, শান্তনু ইসলাম ও আবদুছ সালাম। বরিশাল বিভাগে মুখোমুখি হচ্ছেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান ও মুনতাসির আলম চৌধুরী।



