নয়া দিগন্ত ডেস্ক
কনে বিদায়ের সময় বাবা-মাকে ছেড়ে যেতে মন চাইছে না তরুণীর। শ্বশুরবাড়ির উদ্দেশে বাইক রওনা দিলেও তরুণী নেমে যান। বাবাকে জড়িয়ে ধরার জন্য বাড়ির দিকে ছুটে যান তিনি। কিন্তু আদর করার পরিবর্তে মেয়ের দিকে ইট হাতে ছুটে যান তার বাবা। মার খাওয়ার ভয়ে আবার বাইকের পেছনে উঠে পড়েন তরুণী।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, বর-কনে বিয়ের পোশাকে বাইকে বসে রয়েছেন। নবদম্পতিকে নিয়ে বাইক চালাচ্ছেন এক তরুণ। বরের হাতে একটি ভারী স্যুটকেস। কনে বিদায়ের সময় সকলেই বাইরে দাঁড়িয়ে রয়েছেন। বাপের বাড়ি ছেড়ে যাওয়ার সময় বার বার বাবাকে জড়িয়ে ধরছিলেন তরুণী। এমনকি চলন্ত বাইক থেকে নেমে গিয়ে বাবাকে জড়িয়ে ধরতে যাচ্ছিলেন তিনি।
কন্যার আচরণে বিরক্ত হয়ে রাস্তা থেকে একটি ইট তুলে নেন তরুণীর বাবা। তার পর ইট হাতে তরুণীকে তাড়া করেন। গ্রামবাসীদের সামনে তাড়া খেয়ে লেহঙ্গা পরেই দৌড়ে বাইকে উঠে যান তরুণী। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা জানা যায়নি। তবে ভিডিওটি দেখে নেটপাড়ায় সমালোচনা শুরু হয়েছে। একজন লিখেছেন, ভিডিও দেখে মনে হচ্ছে পরিকল্পিত। রিল বানানোর জন্য এমন অভিনয় করা হয়েছে। আবার এক নেটাগরিক লিখেছেন, তরুণীর বাবা খুব অন্যায় করেছেন। মেয়েকে বুকে জড়িয়ে আদর করলে কী এমন ক্ষতি হয়ে যেত!



