টিনের চালে গরু!

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

একনাগারে বৃষ্টি। রাস্তাঘাট ভরে গিয়েছে প্যাচপেচে কাদায়। জমেছে পানি। মানুষের কাছে দুর্যোগ থেকে নিজেকে বাঁচানোর নানা উপায় থাকলেও, অবোলা পশুদের কাছে তা নেই। তা সত্ত্বেও কাদা এবং পানি থেকে নিজেকে বাঁচানোর অভিনব উপায় খুঁজে বার করল এক গরু। উঠে পড়ল টিনের চালে। গবাদি পশুর অদ্ভুত সেই কাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

ভাইরাল সেই ভিডিওতে দেখা গিয়েছে, অঝোরে পড়ে চলেছে বারিধারা। আশপাশে কোনো লোক দেখা যাচ্ছে না। বদলে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। টিনের চালে উঠে দাঁড়িয়ে রয়েছে একটি গরু। গবাদি পশুর ভারে বেঁকে গিয়েছে টিনের চাল। গরুটির ভারে চালটি প্রায় ভেঙে যাচ্ছে। কিন্তু সে সবে তার হুঁশ নেই। সে চালের ওপর দাঁড়িয়ে দেখে চলেছে আশপাশ। গরুটি সেখানে কিভাবে উঠল তা সেই ভিডিও থেকে জানতে পারা যায়নি।

অনেক নেটাগরিক ভিডিওটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং মন্তব্য করেছেন। এক নেটাগরিক মন্তব্য করেছেন, গরুটি নিজের বিলাসবহুল বাড়ি খুঁজে পেয়েছে। অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, জীবনই সব কিছু, সে মানুষ হোক বা পশু।