স্ত্রীকে ধর্ষণে স্বামীর সহায়তা, গ্রেফতার ২

Printed Edition

বামনা (বরগুনা) সংবাদদতা

বরগুনার বামনা উপজেলায় স্বামীর সহযোগিতায় এক গৃহবধূকে (২০) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী নিজে বাদি হয়ে স্বামীসহ তিনজনের বিরুদ্ধে বামনা থানায় মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে।

গত শনিবার শেষ রাতে উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের ছোনবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলেন- ভুক্তভোগীর স্বামী হেলাল ফকির (২৮) এবং তার সহযোগী মহারাজ (৩৫)। মামলার প্রধান আসামি ইব্রাহিম (৩৫) পলাতক রয়েছেন। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ মাস আগে ছোনবুনিয়া গ্রামের ঝন্টু ফকিরের ছেলে হেলালের সাথে ওই তরুণীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই হেলালের পরিচিত ইব্রাহিম ও মহারাজ তাদের বাড়িতে যাতায়াত করতেন। অভিযোগ রয়েছে, ইব্রাহিম দীর্ঘ দিন ধরেই ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি স্বামী হেলালকে জানালেও তিনি কোনো প্রতিবাদ করেননি। ঘটনার সাতদিন আগে টাকা ধার চাইলে বিনিময়ে অনৈতিক শর্ত জুড়ে দেন বলে এজহারে উল্ল্যেখ করা হয়ছে।

ঘটনার রাতে ইব্রাহিম ও মহারাজ ওই বাড়িতে অবস্থান করছিলেন। এজাহারে বলা হয়, ভোররাত সাড়ে ৩টার দিকে স্বামী হেলালের সহায়তায় ইব্রাহিম ওই গৃহবধূকে জোরপূর্বক ঘরের পেছনের বারান্দায় নিয়ে ধর্ষণ করেন। সে সময় মহারাজ দরজায় পাহারায় ছিলেন। ঘটনার পর ভুক্তভোগী নারী চিৎকার করলে আসামিরা পালিয়ে যান। পরে প্রতিবেশীদের সহায়তায় তিনি থানায় এসে লিখিত অভিযোগ দেন।

বামনা থানার ওসি ফারুক হোসেন খান জানান, ভুক্তভোগী নারীর অভিযোগটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে স্বামীসহ দুই আসামিকে গ্রেফতার করেছে। প্রধান আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।