সড়কে মরা ইঁদুর ফেলার প্রতিবাদ করায় শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ৫

প্রতিবাদে ছাত্রশিবিরের সড়ক অবরোধ : সাংবাদিক হেনস্তার অভিযোগ

Printed Edition

রংপুর ব্যুরো

রংপুর মহানগরীতে সড়কে মরা ইঁদুর ফেলার প্রতিবাদ করায় পলিটেকনিক শিক্ষার্থী ও শিবির কর্মীদের ওপর হামলা, মারধরের ঘটনায় দোকানদারসহ পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে ছাত্রশিবির ও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে সেখানে সাংবাদিক হেনস্তার ঘটনা ঘটে। এ নিয়ে সাংবাদিকরা ডিসি অফিসের সামনে অবস্থান নিয়ে বিচার দাবি করেছেন।

পুলিশ ও প্রত্যদর্শীরা জানান, গতকাল বেলা ৩টার দিকে নগরীর রাধা বল্লব সালেমা গলি এলাকায় মুদি দোকানদার রেজাউল ইসলাম দোকানের মরে যাওয়া ছোট ছোট বেশ কয়েকটি ইঁদুর সড়কে ফেলে দেয়। ওই সড়ক দিয়ে যাতায়াত করার সময় আরআইটি পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী ও শিবির কর্মী আলিফ আল ইমরান তাকে মরা ইঁদুরগুলো অন্যত্র ফেলে দেয়ার জন্য অুনরোধ করেন। এ নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হলে দোকানদার আলিফকে ব্যাপক মারধর করে। এতে আলিফ গুরুতর আহত হন। খবর পেয়ে ছাত্রশিবিরের সরকারি কলেজ শাখার শাহাদত হোসাইন, শিহাবসহ কয়েকজন দোকানদারের কছে গিয়ে ঘটনাটি মীমাংসার চেষ্টা করেন। এরই মধ্যে দোকাদার ফোন করে লোকজন জড়ো করেন। এক পর্যায়ে সেখানেও বাগি¦তণ্ডা হলে দোকানদার শিক্ষার্থীদের আটকে রেখে মারধর করেন। এই খবর ছড়িয়ে পড়লে আশপাশের ছাত্রাবাস থেকে ছুটে আসেন শিবির নেতাকর্মীরা, উপস্থিত হয় পুলিশ। ঘটনা বেগতিক দেখে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় দোকানদার রেজাউল, শিক্ষার্থী ও শিবির কর্মী আলিফ আল ইমরান, শিবার, আব্দুর রহমান, নুরুদ্দিন আহমদ, জাকির হোসেন, সামসুল ইসলাম আহত হয়েছেন। তাদেরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে শিক্ষার্থীরা রাধাবল্লভ মোড়ে অবরোধ করে বিচারের দাবিতে। সংবাদ সংগ্রহ করতে গেলে দীপ্ত টেলিভিশনের প্রতিনিধি ফেরদৌস জয়কে গালিগালাজ ও ভুয়া ভুয়া বলে চিৎকার করে মব তৈরির চেষ্টা চালায়।

এ ঘটনার প্রতিবাদে সাংবাদিকরা তাৎক্ষণিকভাবে ছাত্রশিবিরকে দায়ী করে ঘটনার বিচার দাবিতে ডিসি অফিসের সামনে অবস্থান ধর্মঘট করে।

পরে প্রশাসন বিচারের আশ্বাস দিলে তারা অবস্থান তুলে নেয়।