বোরো সংগ্রহ উদ্বোধন করলেন সমাজকল্যাণমন্ত্রী

Printed Edition
বোরো সংগ্রহ উদ্বোধন করলেন সমাজকল্যাণমন্ত্রী
বোরো সংগ্রহ উদ্বোধন করলেন সমাজকল্যাণমন্ত্রী

নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান-২০২৬ মৌসুমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে দাউদপুর এলএসডি ও ভাদুরিয়া এলএসডিতে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাজিদ উল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন এমপি।

এ সময় মন্ত্রী বলেন, সরকার কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহ করছে। খাদ্যবান্ধব নীতির আওতায় পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে কৃষকরা লাভবান হবেন এবং দেশের খাদ্য নিরাপত্তা আরো শক্তিশালী হবে। তিনি সুষ্ঠু ও স্বচ্ছভাবে বোরো সংগ্রহ অভিযান পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফাখখেরুল ইসলাম, বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোলাইমান ইসলাম মেহেদী, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, যুব উন্নয়ন কর্মকর্তা জসিম উদ্দিনসহ জনপ্রতিনিধি, কৃষক ও সুধীজন।