চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলার আসামি দেব গ্রেফতার

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের বহুল আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি দেবকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব-৭। শুক্রবার র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার বিকেলে নগরীর কোতোয়ালি থানাধীন বলুয়ার দীঘি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, ২০২৪ সালের ২৫ নভেম্বর ইসকন নেতা চিন্ময় দাসকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ঢাকা বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরদিন তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ সময় তার অনুসারীরা বিক্ষোভে নেমে আদালত চত্বরে ভাঙচুর চালায় এবং কারাগারে নেয়ার পথে বাধা সৃষ্টি করে। বিক্ষোভের একপর্যায়ে রঙ্গম কনভেনশন সেন্টার এলাকার সামনে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১০-১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বলেন, আলোচিত এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেফতারে র‌্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার পলাতক আসামি দেব কোতোয়ালি এলাকায় অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।