ক্রীড়া প্রতিবেদক
গতকাল শেষ হয়েছে ইউনাইটেড হেলথ কেয়ার বাংলাদেশ ফুটবল লিগ। এই রাউন্ডের ম্যাচ ছিল রানার্সআপ নির্ধারণ এবং রেলিগেশনের অপর দল চূড়ান্ত করা। রানার্সআপ নির্ধারণের ম্যাচের সামনে ছিল ঢাকা আবাহনী ও ফর্টিস এফসি। আবাহনীর প্রতিপক্ষ ছিল আরামবাগ । আরামবাগের ছিল টিকে থাকার লড়াই। অন্য দিকে ফর্টিসের ম্যাচ ছিল পিডব্লিউডির সাথে। এতে আবাহনী ড্র করলে বা হারলে এবং ফর্টিস যদি জিতে যায় তাহলে ফর্টিস রানার্সআপ হতো। আবার দুই দল জিতলেও আবাহনী পেত দ্বিতীয় স্থান। শেষ পর্যন্ত ফর্টিস জিততে পারেনি। তারা ২-২ গোলে ড্র করেছে পিডব্লিউডির সাথে। আর আবাহনী ৪-০ গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়ে হয়েছে রানার্সআপ। হেরে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে অবনমন হয়ে গেল আরামবাগের। এ ছাড়া শেষ ম্যাচে নিজ মাঠে ইয়ংম্যান্সকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নশিপ ট্রফি হাতে উৎসব করেছে বসুন্ধরা কিংস। ১৮ ম্যাচে ৪১ পয়েন্ট বসুন্ধরা কিংসের। আবাহনীর পয়েন্ট ৩৭। ফর্টিসের ৩৫। ২৭ পয়েন্ট নিয়ে পুলিশ হয়েছে চতুর্থ। মোহামেডান হয়েছে পঞ্চম। তাদের পয়েন্ট ২৩। রহমতগঞ্জেরও পয়েন্ট ২৩। তবে গোল পার্থক্যে পিছিয়ে তারা। ব্রাদার্স ও পিডব্লিউডির পয়েন্ট ১৭ করে। তবে গোল ব্রাদার্স ৭ম এবং পিডব্লিউডি অষ্টম হয়েছে। নেমে যাওয়া আরামবাগের পয়েন্ট ১৪। ইয়ংম্যান্সের ১০।
গতকাল মানিকগঞ্জের মিরাজ-তপন স্টেডিয়ামে আবাহনী হালি গোলের জয়ে গোল করেন এমেকা ৪২ মি. সোলেমান দিয়াবাতে (৮২ মি.) এবং শেখ মোরসালিন ৯৬ মি.। মোরসালিনের গোলটি পেনাল্টি থেকে। অপর গোল ৮৮ মিনিটে আত্মঘাতীতে। মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে গোলশূন্য ড্রতে করেছে রহমতগঞ্জ ও পুলিশ। গাজীপুর স্টেডিয়ামে ২-২ গোলে ড্র করেছে পিডব্লিউডি ও ফর্টিস এফসি। পিডব্লিউডির নাজমুল হুদা ফয়সাল ৪৯ মি. ও কাউদো একুয়া ৫৪ মি. গোল করেন। ফর্টিসের গোলদাতা সাজিদ হোসেন জুম্মন নিঝুম ৬৯ মি. ও পা ওমর বাবাও ৭৪ মি.।
কুমিল্লায় সৌরভ দেওয়ানের হ্যাটট্রিকে মোহামেডান ৫-০ গোলে হারিয়েছে ব্রাদার্সকে। ৫৬, ৬৩, ৭২ ও ৭৭ মিনিটে চার গোল করেন সৌরভ। ফেডারেশন কাপে হ্যাটট্রিক করার পর এবার লিগেও গোল করলেন উঠতি এই স্ট্রাইকার। ৬৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মোজাফফরভ।
কিংস এরিনায় বসুন্ধরা কিংসের হয়ে ডরিয়েলটন গোমেস ৩৬ ও ৭৪ মিনিটে জোড়া গোল করেন। একটি করে গোল শাহরিয়ার ইমন ৬২ মি. ও মজিবুর রহমান জনির ৩৯ মি.। ইয়ংম্যান্সের হয়ে গোল করেন ইব্রাহিম ২৮ মি.।



