স্পট মার্কেট থেকে তিন কার্গো এলএনজি কিনবে সরকার

ব্যয় ২৩৩০ কোটি টাকা

Printed Edition

বিশেষ সংবাদদাতা

দেশের জ্বালানি চাহিদা পূরণে স্পট মার্কেট থেকে তিন কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে দুই হাজার ৩৩০ কোটি ৮১ লাখ টাকা।

গতকাল শনিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০২৫ এর বিধি ১০৫(৩)(ক) অনুসরণে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে তিন কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে ১৫-১৬ জুন সময়ের জন্য ২৩তম কার্গো, ২১-২২ জুন সময়ের জন্য ২৪তম কার্গো এবং ২৫-২৬ জুন সময়ের জন্য ২৫তম কার্গো আমদানি করা হবে।

সভায় জানানো হয়, দক্ষিণ কোরিয়ার পসকো ইন্টারন্যাশনাল করপোরেশন থেকে দুই কার্গো এবং যুক্তরাজ্যভিত্তিক টোটালএনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে এক কার্গো এলএনজি কেনা হবে।

৬৮৯ কোটি টাকার সার কিনছে সরকার

দেশের কৃষিখাতে সার সরবরাহ নিশ্চিত করতে প্রায় ৬৮৯ কোটি টাকার দু’টি সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বৈঠক সূত্রে জানা গেছে, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য কর্ণফুলী সার কারখানা লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এ সার আমদানিতে ব্যয় হবে ২৫৪ কোটি ৫২ লাখ ৬৬ হাজার ৫৬২ টাকা।

প্রতি মেট্রিক টন ইউরিয়া সারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৮৮ দশমিক ৩৭৫ মার্কিন ডলার, যার মধ্যে এফওবি মূল্য ৬৮৩ দশমিক ৩৭৫ ডলার এবং ব্যাগেজ চার্জ পাঁচ ডলার। এ ক্রয়ের জন্য সুপারিশ করা দরদাতা হলো কর্ণফুলী সার কারখানা লিমিটেড।

এদিকে কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে রাষ্ট্রীয় পর্যায়ে ওসিপি নিউট্রিক্রপস এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ১২তম (ঐচ্ছিক-৪র্থ) লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

এ সার আমদানিতে ব্যয় ধরা হয়েছে ৪৩৪ কোটি ৬৬ লাখ ৩৩ হাজার ১০০ টাকা। প্রতি মেট্রিক টন ডিএপি সারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৮১ দশমিক ৬৭ মার্কিন ডলার। এ ক্রয়ের জন্য সুপারিশ করা দরদাতা হলো ওসিপি নিউট্রিক্রপস।

নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় মেয়াদ বাড়ছে

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বর্তমান ঠিকাদারকে আরো ছয় মাস দায়িত্বে রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে ঘটনোত্তর অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বৈঠক সূত্রে জানা গেছে, নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাবের আলোকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (ওভারফ্লো ইয়ার্ডসহ) পরিচালনার জন্য চিটাগাং ড্রাই ডক লিমিটেডের সাথে সম্পাদিত চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এ অবস্থায় বর্তমান ঠিকাদারকে একই দর ও শর্তে আরো ছয় মাস অথবা নতুন ঠিকাদার নিয়োগ না হওয়া পর্যন্ত দায়িত্বে রাখার ঘটনোত্তর অনুমোদন দেয়া হয়েছে।

সভায় জানানো হয়, নতুন ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত বন্দর কার্যক্রম সচল রাখতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ভিটামিন ‘এ’ ক্যাম্পসুল কেনা হবে ইউনিসেফের মাধ্যমে

পাশাপাশি ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ইউনিসেফের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে সংগ্রহের নীতিগত অনুমোদনও দেয়া হয়েছে।

বৈঠকে স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘ভিটামিন এ ক্যাপসুল’ (দুই লাখ আইইউ) এবং ‘ভিটামিন এ ক্যাপসুল’ (এক লাখ আইইউ) নিরবচ্ছিন্ন সরবরাহের জন্য ইউনিসেফের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ক্রয় বা সংগ্রহের নীতিগত অনুমোদন দেয়া হয়।