ডুলিকে পরীক্ষামূলক নিয়োগ!

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

অনেক আলোচনা সমালোচনার পর শেষ পর্যন্ত বাফুফে বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্ব দিয়েছে টমাস ডুলিকে। বাফুফে সভাপতি তাবিথ আওয়াল আগেই জানিয়েছিলেন নতুন কোচের সাথে দুই বছরের চুক্তি হবে। জার্মান বংশোদ্ভূত এই মার্কিন কোচের সাথে এখনো চুক্তি হয়নি বাফুফের। তবে গতকাল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক যা বললেন তাতে বিস্ময় জেগেছে। মিরপুরের পল্লবী মাঠে এএফসির গ্রাসরুট প্রোগামে এসে তিনি জানান টমাস ডুলিকে আপাতত এক ম্যাচের জন্য দায়িত্ব দেয়া হয়েছে। ৫ জুন সানমেরিনোর বিপক্ষে ফিফা প্রীতিম্যাচেই বাফুফে পরীক্ষা করবে তাকে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেও তার সাথে চুক্তির মেয়াদ বাড়াবে।’ সে সাথে বাফুফেকে বিকল্প কোচ খোঁজারও পরামর্শ দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

বাংলাদেশ দলে দায়িত্ব নেয়া বিশ্বকাপে খেলা তৃতীয় ব্যক্তি হলেন এই ডুলি। এর আগে ইরানের নাসের হেজাজী এবং ইরাকের সামির সাকির লাল-সবুজদের হেড কোচ হন। এবার হাভিয়ার কাবরেরার বিকল্প হিসেবে কোচ নিয়োগে বাফুফের বিজ্ঞাপনে ব্যাপক সাড়া মিলেছিল। সেখানে থেকে প্রথম ২২ জন এরপর ১১ জন এবং সর্বশেষ তিনজনের সংক্ষিপ্ত তালিকা থেকে ডুলিকে নিয়োগ দেয়া হয়। তবে ব্যাপকভাবে আলোচনায় ছিলেন ওয়েলসের কোচ ক্রিস কোলম্যান। তার ২৬ হাজার ডলারের বেতনেও রাজি ছিল বাফুফে। কিন্তু তার এজেন্টকে কমিশন দেয়া নিয়ে মতপার্থক্যেই বাফুফে কোলম্যানকে আর নিয়োগ দেয়নি। এরপর বার্নড স্টর্ক এবং টমাস ডুলি থেকে বাফুফে ডুলিকেই বেছে নেয়।

কোলম্যানের বেতনের জন্য বাফুফের দারস্থ হয়েছিল ক্রীড়া প্রতিমন্ত্রীর। তবে ডুলির বেতনের জন্য সরকারের কাছে সহযোগিতা চাওয়া হয়নি। তথ্য দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। সাথে তিনি উল্লেখ করেন বাফুফের সাথে ক্রীড়া মন্ত্রণালয়ের কোনো দূরত্ব নেই।

আগামী দুই বছর বাংলাদেশ দলের ১৬টি আন্তর্জাতিক ম্যাচ। এর মধ্যে সাফ ফুটবলও অন্তর্ভুক্ত। কোচ নিয়োগে বাফুফে সব কিছুই বিবেচনায় নিয়েছে। অবশ্য এই বছর সাফ ফুটবল হচ্ছে না। সেপ্টেম্বরে ভারত খেলছে না সাফ ফুটবল। তারা অন্য টুর্নামেন্ট খেলবে। সেপ্টেম্বরে বাফুফে অন্য টুর্নামেন্ট খেলবে। তাই এই মুহূর্তে উচ্চ বেতনে জাতীয় দলের কোচ নিয়োগটা মোটেই ভালো বিষয় হবে না।

অবশ্য এক ম্যাচ কোনো কোচকে পরীক্ষার জন্য যথেষ্ট নয়। তা ছাড়া এই কোচ সময়ও পাচ্ছেন না তেমন বেশি। আমিনুল জানান, আমি বাফুফে সভাপতিকে বলেছি সানমেরিনোর বিপক্ষে ম্যাচটি যেন টমাস ডুলির জন্য অন টেস্টের হয়। এরপর তার সাথে লম্বা সময়ের জন্য চুক্তিতে যেন যায়। একটি ম্যাচেই কিন্তু বুঝা যাবে কেমন হবেন এই কোচ।