রাজধানীতে ছাত্রশিবিরের বৃক্ষ র‌্যালি ও চারা বিতরণ কর্মসূচি

Printed Edition
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গতকাল রাজধানীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বৃক্ষর‌্যালি বের করে : নয়া দিগন্ত
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গতকাল রাজধানীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বৃক্ষর‌্যালি বের করে : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বাড়াতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতি বছরের মতো এ বছরও মাসব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান ২০২৬’ কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বলেছেন, বর্তমান আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে তাপমাত্রা গত বছর ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি অব্যাহত থাকলে জলবায়ু বিশেষজ্ঞদের আশঙ্কা অনুযায়ী ২০৫০ সালের মধ্যে দেশের উপকূলীয় অঞ্চলের প্রায় ১৭ শতাংশ এলাকা তলিয়ে যেতে পারে, যার ফলে ১০ থেকে ১৫ লাখ মানুষ বাস্তুহারা ও কর্মহীন হয়ে পড়তে পারে। হিট স্ট্রোকসহ বিভিন্ন জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং কার্বন নিঃসরণ কমাতে উপযুক্ত ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তারা।

গতকাল শনিবার সংগঠনটির ঢাকা মহানগর পশ্চিমের আয়োজনে একটি র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন। ‘একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে।

র‌্যালিতে আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি সাইফুল ইসলাম সাইম, সেক্রেটারি আব্দুল্লাহ আল মায়াজ প্রমুখ।