জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

Printed Edition
সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের শ্রদ্ধা  : পিআইডি
সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের শ্রদ্ধা : পিআইডি

বাসস

মহান বিজয় দিবসে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। গতকাল সূর্যোদয়ের পর সকাল ৬টা ৫৬ মিনিটে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা জানান তিনি। এরপর প্রধান উপদেষ্টা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করে, বিউগলে বেজে ওঠে করুণ সুর। তিনি স্মৃতিসৌধে সংরক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় প্রধান বিচারপতি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, তিন বাহিনীর প্রধান, মুক্তিযোদ্ধা, কূটনীতিকসহ পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফ্লাই পাস্ট ও প্যারাজাম্প প্রত্যক্ষ

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিজয় দিবস উপলক্ষে ফ্লাই পাস্ট, প্যারাজাম্প, অ্যারোবেটিক প্রদর্শনী ও ব্যান্ড পরিবেশনা উপভোগ করেন।

দেশের স্বাধীনতার ৫৪ বছর পূর্তিতে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের জাতীয় পতাকাসহ ফ্রি ফল জাম্পের মাধ্যমে আকাশ থেকে ভূমিতে অবতরণ করেন।

অধ্যাপক ইউনূস পৃথকভাবে আয়োজিত মনোমুগ্ধকর ফ্লাই পাস্ট ও অ্যারোবেটিক প্রদর্শনী প্রত্যক্ষ করেন।

তিনি সেখানে বিজয় দিবসের বিশেষ ব্যান্ড পরিবেশনাও উপভোগ করেন।

পরে প্রধান উপদেষ্টা ৫৪ জন প্যারাট্রুপারের সাথে শুভেচ্ছা বিনিময় এবং তাদের সাথে ফটোসেশনেও অংশ নেন।