পরিবারের সচ্ছলতার আশায় মালয়েশিয়ায় পাড়ি দেন কুমিল্লার তিতাস উপজেলার রবিউল হাসান রবিন (৩৮)। কিন্তু তিন বছরের কঠোর পরিশ্রম শেষে তার সেই স্বপ্ন এখন কফিনে বন্দি। মালয়েশিয়ার কুয়ালালামপুরে কর্মস্থল থেকে নিখোঁজের এক দিন পর একটি ময়লার ভাগাড় থেকে রবিনের লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। নিহত রবিন উপজেলার বলরামপুর ইউনিয়নের কালাইগোবিন্দপুর গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত ৪ মে সকালে কুয়ালালামপুরের বুকিত জলিল এলাকায় একটি চীনা নির্মাণ প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে নিখোঁজ হন রবিন। পরদিন বিকেলে নির্মাণাধীন ভবনের ভেতরে থাকা একটি ময়লার ভাগাড় থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। বর্তমানে তার লাশ মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের মর্গে রাখা হয়েছে।
রবিনের পরিবারের অভিযোগ, এটি কোনো সাধারণ মৃত্যু নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের শ্বশুর মো: রশিদ মিয়া জানান, মাত্র ১৫ দিন আগে রবিন শ্রমিকদের বেতনের হিসাব রাখার দায়িত্ব পান। এরপর থেকেই কিছু সহকর্মীর সাথে তার বিরোধ তৈরি হয়। সেই প্রতিহিংসা থেকেই তাকে হত্যা করা হয় বলে তাদের ধারণা।
নিহতের বড় ভাই খোকন জানান, ২০২৩ সালের সেপ্টেম্বরে কলিং ভিসায় রবিন মালয়েশিয়ায় যান। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পুরো পরিবার।



