নয়া দিগন্ত ডেস্ক
কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ সাতজন নিহত হয়েছেন। এ ছাড়া ঢাকা, পটুয়াখালী ও চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় আরো তিনজন মারা গেছেন।
কুমিল্লা প্রতিনিধি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল একই দিনে স্কুলছাত্রসহ সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত পাঁচজন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ভোরে কুমিল্লা দাউদকান্দি উপজেলার কানড়া মাজার এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ আরো চারজন আহত হয়েছেন।
চাঁদপুরের বেলতলী সোলেমান লেংটার মেলা থেকে বাড়ি ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন।
নিহতরা হলেন- দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের সরকারপুর গ্রামের মৃত লতু মিয়ার ছেলে বারেক (৪২) এবং একই এলাকার মো: নুর ইসলামের ছেলে মোস্তফা (৪০)।
কুমিল্লার চান্দিনায় মহাসড়ক পারাপারের সময় লরিচাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছেন। গতকাল সকালে চান্দিনা কাঠের পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাত্রের নাম ইবনে তাইম। তিনি চান্দিনা পৌরসভার রাড়িরচর এলাকার বাবুল মিয়ার বড় ছেলে এবং বড় গোবিন্দপুর আলী মিয়া ভূঁইয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
মহাসড়কের কুমিল্লর বুড়িচংয়ে নিমসার বাজার এলাকায় কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই দুই পরিবহনের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মোহাম্মদ জহিরুল ইসলাম মইন (৪০) এবং মেহেরপুর জেলার কেশবপুর গ্রামের মো: সোহেল রানা (৩৫)।
কুমিল্লার চৌদ্দগ্রামে মহাসড়কে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মিয়ারবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাব উদ্দিন।
গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় এক নারীর মৃত্যু হয়। নিহত নারী হাজেরা বেগম (৭০)। তিনি চৌদ্দগ্রাম পৌর এলাকার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। একই দিন ভোরে উপজেলার পদুয়া এলাকায় ট্রাক মেরামতের সময় অজ্ঞাত একটি গাড়ির চাপায় আরো একজন নিহত হন। নিহত বক্তি ওমর ফারুক (৩৯)। তার বাড়ি নোয়াখালী জেলায় বলে জানা গেছে।
কুমিল্লা হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার মো: শাহিনুর আলম খান বলেন, কুমিলায় সড়কে আইনশৃঙ্খলা মানার প্রবণতাও কম। আমাদের টিম সবসময় সড়কে থাকে এবং আমরা চেষ্টা করি সবাইকে আইনশৃঙ্খলার মধ্যে রাখতে।
ধামরাই (ঢাকা) সংবাদদাতা জানান, ঢাকার ধামরাইয়ে ট্রাকচাপায় আবদুল বারেক (৪৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে তার লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। গত মঙ্গলবার রাত ১১টার দিকে ধামরাই বাজার রোডের যাত্রাবাড়ী মোড়ে এই ঘটনা ঘটে।
নিহত আবদুল বারেক পৌরসভার আইঙ্গন এলাকার আবু বক্করের বাড়ির ভাড়াটিয়া, তিনি নীলফামারীর ডোমার থানার বোমনাতি এলাকার রমজান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অটোরিকশা চালক ঢুলিভিটা থেকে ধামরাই বাজারের দিকে যাচ্ছিলেন। যাত্রাবাড়ী মোড়ে অপরদিক থেকে আসা ঘাতক ট্রাকটির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে রাস্তায় পড়ে যান, এরপর ঘাতক ট্রাকের চাপায় মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করেছে।
গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা জানান, গলাচিপায় তরমুজবাহী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মো রিয়াজ হাং (৩২) নামে অটোরিক্সার এক যাত্রী নিহত হয়েছেন। আমখোলার মুশুরিকাঠী নামক স্থানে গত মঙ্গলবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটেছে। নিহত রিয়াজ আমখোলার কাজিকান্দা এলাকার কালাম হাং এর ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গলাচিপা-সাকারিয়া সড়কে নিহত রিয়াজ বাড়ি থেকে আমখোলার অটোরিকশা দিনমজুরের জন্য মশুরী কাঠি যাচ্ছিলেন বিপরীত থেকে আসা তরমুজবোঝাই ট্রাকটির সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পিষ্ঠ হয়ে রিয়াজ নিহত হয়। অটোরিকশার চালক আহত হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়। পরে স্থানীয়রা ঘাতক ট্রাকটি পুলিশের কাছে হস্তান্তর করে ।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো: জিল্লুর রহমান, এ ঘটনায় লাশ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে এবং ট্রাকটি আটক করা হয়েছে।
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, সপরিবারে পবিত্র ওমরাহ শেষে বাড়িতে ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহসড়কে মাইক্রোবাস এবং কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ ওবাইদউল্লাহ (১৬) নামে একজন নিহত হয়েছে, আহত হয়েছে আরো চারজন।
গতকাল দুপুর আড়াইটার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের বনপুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মাইক্রোবাসটি ছিটকে মহাসড়ক থেকে খাদে পড়ে যায়।
নিহত মোহাম্মদ ওবাইদউল্লাহ কক্সবাজার জেলার রামু থানাধীন লিঙ্গা পাড়ার বাসিন্দা সামছুল আলমের ছেলে। আহতরা হলেন- একই পরিবারের ফাহিমা আক্তার (২০), ইয়াছির আরাফাত (৩৫), ইয়াসমিন আক্তার (৪০) এবং ইয়াসিন আরাফাত (২৫)।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে কক্সবাজারমুখী মাইক্রোবাসের সাথে বিপরীতমুখী মিনি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি সড়কের পাশে বিলে পড়ে উল্টে যায়। আশপাশের লোকজন এসে আহতদের উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক এক কিশোরকে মৃত ঘোষণা করেন। আহতদের সেখানে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। মাইক্রোবাসের যাত্রীরা চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কক্সবাজারের ঈদগড় এলাকায় বাড়িতে যাচ্ছিলেন। তারা সপরিবারে ওমরাহ হজ পালন শেষে বাড়ি ফিরছিলেন।



