পর্দা উঠছে ফ্রেঞ্চ ওপেনের

Printed Edition

ক্রীড়া ডেস্ক

আজ শুরু হচ্ছে বছরের অন্যতম গ্রান্ডসø্যাম ফ্রেঞ্চ ওপেন। তবে টুর্নামেন্টটি শুরুর আগেই টেনিস বিশ্বে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে খেলোয়াড়দের আয় বণ্টন ও অধিকার নিয়ে। গ্র্যান্ডসø্যাম টুর্নামেন্টগুলোর বিপক্ষে আরো জোরালো অবস্থান নিয়েছেন বিশ্বের শীর্ষ টেনিস তারকারা। এ পরিস্থিতিতে খেলোয়াড় ও আয়োজকদের মধ্যে বিভক্তি বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন নোভাক জকোভিচ।

গত পরশু প্যারিসে ফ্রেঞ্চ ওপেনের প্রাক-টুর্নামেন্ট মিডিয়া ডেতে কয়েকজন খেলোয়াড় মাত্র ১৫ মিনিটের সীমিত সংবাদ সম্মেলনে অংশ নেন এবং অতিরিক্ত মাল্টিমিডিয়া সাক্ষাৎকার এড়িয়ে যান। এটি ছিল খেলোয়াড়দের এক ধরনের প্রতীকী প্রতিবাদ। খেলোয়াড়দের অভিযোগ, গ্র্যান্ডসø্যাম টুর্নামেন্টগুলো বিপুল আয় করলেও তার ন্যায্য অংশ খেলোয়াড়দের দেয়া হচ্ছে না। বর্তমানে এটিপি ও ডব্লিউটিএ ট্যুরের বড় প্রতিযোগিতাগুলো আয়ের প্রায় ২২ শতাংশ খেলোয়াড়দের মধ্যে বণ্টন করে। অথচ গ্র্যান্ডসø্যামগুলো দেয় প্রায় ১৫ শতাংশ। যুক্তরাষ্ট্রের টেনিস তারকা টেইলর ফ্রিট বলেন, ‘এটা শুধু বেশি অর্থ চাওয়ার বিষয় নয়। আমরা কেবল ন্যায্য অংশ চাই। ট্রর্নামেন্টগুলোর আয়ের সাথে খেলোয়াড়দের প্রাপ্যও বাড়া উচিত।’

রাশিয়ার আন্দ্রে রুবলেভ অভিযোগ করেন, বহু বছর ধরেই খেলোয়াড়দের মতামত উপেক্ষা করা হচ্ছে। তার ভাষায়, ‘আমরা ই-মেইল পাঠাই, মাসের পর মাস কোনো উত্তর আসে না। বিষয়টি শুধু অর্থের নয়, বরং খেলাটিকে একসাথে এগিয়ে নেয়ার।’ বিশ্বের এক নম্বর নারী খেলোয়াড় এরিনা সাবালেঙ্কা বলেন, ‘এটা আমার জন্য নয়। র‌্যাংকিংয়ের নিচের দিকের যারা সংগ্রাম করছে, তাদের জন্যই আমি কথা বলছি,’ সম্প্রতি সম্ভাব্য বয়কটের ইঙ্গিত দিয়েছিলেন সাবালেঙ্কা। তবে পরে অনেক খেলোয়াড়ই সতর্ক অবস্থান নেন। ইগা সোয়াইতেক বলেন, ‘অগঠনমূলক কোনো পদক্ষেপের পক্ষে আমি নই। তবে আমাদের প্রয়োজনীয় বিষয়গুলো আদায়ে আরো চাপ সৃষ্টি করতে হবে।’

২৪টি গ্র্যান্ডসø্যামজয়ী জোকোভিচ বলেন, খেলোয়াড়দের দাবির সাথে আমি একমত। টেনিস বিশ্বে অতিরিক্ত বিভক্তি খেলাটির জন্য ক্ষতিকর হতে পারে। গলফের উদাহরণ টেনে বলেন, ‘এলআইভি গলফ যেভাবে বিভাজন তৈরি করেছে, সেখান থেকে আমাদের শিক্ষা নেয়া উচিত। টেনিসে আরো ঐক্য দরকার।’ অন্য দিকে ফ্রেঞ্চ ওপেন টুর্নামেন্ট পরিচালক খেলোয়াড়দের সীমিত মিডিয়া উপস্থিতিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন। তবে তিনি বলেন, সংলাপের মাধ্যমেই সমাধান সম্ভব। খেলোয়াড়দের প্রতিনিধি ও আয়োজকদের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। তবে চলমান এই বিরোধ টেনিস বিশ্বের ভবিষ্যৎ কাঠামো ও অর্থনৈতিক ভারসাম্য নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।