বিবিসি
ইউরোপে মার্কিন সেনা মোতায়েনসংক্রান্ত পরস্পরবিরোধী সিদ্ধান্তের জেরে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে মিত্র দেশগুলোকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গত শুক্রবার সুইডেনে অনুষ্ঠিত ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে তিনি এ উদ্যোগ নেন।
এর আগের দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোল্যান্ডে অতিরিক্ত পাঁচ হাজার মার্কিন সেনা মোতায়েনের আকস্মিক ঘোষণা দেন। অথচ মাত্র এক সপ্তাহ আগেই পেন্টাগন পোল্যান্ডে পূর্বপরিকল্পিত চার হাজার সেনা পাঠানোর সিদ্ধান্ত বাতিল করেছিল। একই সাথে জার্মানি থেকেও মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। দ্রুত পরিবর্তনশীল এসব ঘোষণা ট্রান্স-আটলান্টিক প্রতিরক্ষা জোটের (ন্যাটো) মিত্রদের মধ্যে চরম বিভ্রান্তি তৈরি করেছে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে রুবিও এ বিষয়ে সাফাই গেয়ে বলেন, বৈশ্বিক অঙ্গীকারের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র নিয়মিতই নিজেদের সেনা উপস্থিতি পুনর্মূল্যায়ন করে থাকে।



