অষ্টগ্রামে বজ্রপাতে কৃষক নিহত, আহত ২

Printed Edition

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বজ্রপাতে মহব্বত খাঁ (৪২) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী রুমা বেগম (৩৬) এবং মর্জিনা বেগম (৫০) নামে আরেক নারী আহত হয়েছেন। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।

শনিবার দুপুরে উপজেলার কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মহব্বত খাঁ ওই গ্রামের জমরুত খাঁর ছেলে। তিনি তিন সন্তানের জনক। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির সামনে ধানের খলায় মহব্বত খাঁ ও তার স্ত্রী রুমা বেগম কাজ করছিলেন। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে উঠলে বৃষ্টির আশঙ্কায় তারা ধান স্তূপ করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে মহব্বত খাঁ ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং তার মৃত্যু হয়। এ সময় তার স্ত্রী রুমা বেগম আহত হন। পাশেই থাকা মর্জিনা বেগম নামে আরো এক নারীও বজ্রাঘাতে আহত হন।