লেভানোদোভস্কির গোলে বার্সার জয়

Printed Edition
গোলের পর বার্সেলোনার স্ট্রাইকার লেভানোদোভস্কি : ইন্টারনেট
গোলের পর বার্সেলোনার স্ট্রাইকার লেভানোদোভস্কি : ইন্টারনেট

ক্রীড়া ডেস্ক

স্প্যানিশ লা লিগার শিরোপা লড়াইয়ে আরো এক ধাপ এগিয়ে গেল বার্সেলোনা। অ্যাথালেটিকো মাদ্রিদের বিপক্ষে কঠিন ও উত্তেজনাপূর্ণ ম্যাচে জয়ী হযে লিগের শীর্ষস্থান আরো সুসংহত করল বার্সা। শেষ মুহূর্তে জয়সূচক গোল করে দলকে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট এনে দিয়েছেন অভিজ্ঞ স্ট্রাইকার রবার্ট লেভানোদোভস্কি। অ্যাথলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে শীর্ষে থাকা বার্সেলোনা এখন দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ থেকে ৮ পয়েন্ট এগিয়ে। এ জয়ে শিরোপার রেসে অনেকটাই এগিয়ে হ্যান্সি ফ্লিকের শীষ্যরা। পরশু আরেক ম্যাচে রিয়াল মাদ্রিদ ১-২ গোলে হেরেছিল মায়োর্কার কাছে।

মাদ্রিদের ওয়ান্ডা মেট্রোপলিতানোতে শুরু থেকেই ছিল উত্তেজনা ও শারীরিক লড়াই। প্রথমার্ধের ৩৯ মিনিটে স্বাগতিকদের হয়ে গোল করে এগিয়ে দেন জুলিয়ানো সিমিওনে। কোচ ডিয়াগো সিমিওনির ছেলে দারুণ ফিনিশে গোলটি করেন। তবে মাত্র তিন মিনিট পরই সমতা ফেরায় বার্সা। মার্কাস রাসফোর্ড গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে বল জড়িয়ে দেন। প্রথমার্ধের শেষ দিকে ম্যাচের মোড় ঘুরে যায়। বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামালকে গোলের সুযোগ থেকে বঞ্চিত করায় সরাসরি লাল কার্ড দেখেন অ্যাথলেটিকোর মিডফিল্ডার নিকো গনসালেজ। ফলে দ্বিতীয়ার্ধে ১০ জন নিয়ে খেলতে হয় স্বাগতিকদের।

দ্বিতীয়ার্ধেও বিতর্ক কম ছিল না। বার্সার ডিফেন্ডার জেরার্ড মার্টিন প্রথমে লাল কার্ড দেখলেও ভিআর পর্যালোচনায় সেটি হলুদ কার্ডে নামিয়ে আনা হয়, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে অ্যাথলেটিকো শিবির।

একজন বেশি খেলোয়াড় নিয়ে বার্সেলোনা আক্রমণ বাড়ালেও গোল পেতে ভুগতে হয়। অ্যাথলেটিকোর গোলরক্ষক হুয়ান মুসো কয়েকটি দারুণ সেভ করে দলকে ম্যাচে রাখেন। তবে শেষ পর্যন্ত ৮৭ মিনিটে ভাঙে প্রতিরোধ। জোয়াও ক্যান্সেলো শট ঠেকালেও বল ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে পারেননি মুসো। ফিরতি বলে কাঁধ ছুঁইয়ে জালে জড়িয়ে দেন লেভানোদোভস্কি। এই জয়ে লিগ শিরোপা ধরে রাখার পথে বড় সুবিধা পেল বার্সেলোনা। ৮ ম্যাচ বাকি থাকতে তাদের সংগ্রহ ৭৬ পয়েন্ট। অন্য দিকে মায়োর্কার কাছে হেরে ৬৯ পয়েন্টে আটকে আছে রিয়াল মাদ্রিদ।

ম্যাচ শেষে বার্সা কোচ বলেন, এই ধরনের কঠিন ম্যাচেই দলের মানসিকতা বোঝা যায় এবং শিরোপা জিততে হলে এমন লড়াই চালিয়ে যেতে হবে।