সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ গতকাল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অন্যতম ব্যস্ততম ও জনগুরুত্বপূর্ণ পয়েন্ট আব্দুল্লাহপুর ইন্টারসেকশন এলাকায় সদ্যনির্মিত ১৬০ মিটার ‘রিজিড পেভমেন্ট’ অংশটি আনুষ্ঠানিকভাবে পরিদর্শন করেন এবং জনসাধারণের যান চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করে দেন।
সড়কটি উন্মুক্তকরণ শেষে সেতু সচিব বলেন, আসন্ন পবিত্র ঈদুল আজহার আর মাত্র কিছু দিন বাকি। এই চ্যালেঞ্জিং সময়ের আগেই অত্যন্ত গুরুত্ব দিয়ে ১৬০ মিটার রিজিড পেভমেন্টের নির্মাণ কাজ সম্পন্ন করে এই সড়কটি সময়মতো চালু হওয়ায় ঈদযাত্রায় সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে কমে আসবে।
আব্দুল্লাহপুর ইন্টারসেকশনের এই আধুনিক ও টেকসই রিজিড পেভমেন্ট সড়কটি সচল হওয়ার মাধ্যমে ভারী যানবাহনগুলো কোনো রকম ধীরগতি ছাড়াই এলাকাটি পার হতে পারবে। এই সংস্কারের ফলে ঈদ চলাকালীন সময়ে সড়কের কারণে এই পয়েন্টে কোনো রকম যানজট সৃষ্টি হবে না এবং সাধারণ মানুষ অত্যন্ত স্বস্তিতে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন।
এ সময় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী ও নির্মাণ কাজের সাথে সংশ্লিষ্ট বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



