দক্ষিণ-পশ্চিম চীনের ইয়ংচুয়ান জেলায় প্রবল বৃষ্টিতে একজনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন ১৭ জন। রোববার (২৪ মে) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
বেইজিং-ভিত্তিক সিনহুয়া নিউজ জানিয়েছে, শনিবার গভীর রাতে এই অঞ্চলে প্রবল বৃষ্টিপাত শুরু হয় এবং রোববার স্থানীয় সময় দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকে। গুয়ানকৌওয়ান ও হানজিয়াগৌ গ্রামে যথাক্রমে ২৯৬ দশমিক ৭ মিলিমিটার ও ২৫৬ দশমিক ৯ মিলিমিটার অস্বাভাবিক বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া কর্তৃপক্ষ সতর্ক করেছে যে, এই একটানা বৃষ্টিপাত ভূমি ও ভবন ধস এবং কাদা-প্রবাহসহ ভূতাত্ত্বিক দুর্যোগের উচ্চ ঝুঁকি তৈরি করেছে।
কর্তৃপক্ষ ইয়ংচুয়ান জেলায় ভূতাত্ত্বিক দুর্যোগের জন্য তৃতীয় স্তরের জরুরি অবস্থা জারি করেছে এবং সংশ্লিষ্ট বিভাগগুলো নিখোঁজদের খুঁজতে জরুরি উদ্ধার অভিযান চালাচ্ছে।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



