ভারতের রাজধানী দিল্লিতে সোমবারের বিস্ফোরণের তদন্ত চলছে। এদিকে দিল্লি পুলিশ জানিয়েছে, এই ঘটনায় নিহতদের মধ্যে এখন পর্যন্ত ছয়জন ব্যক্তিকে শনাক্ত করা গেছে।
দিল্লি উত্তরের ডিসিপি রাজা বাঁথিয়া মঙ্গলবার (১১ নভেম্বর) সাংবাদিকদের বলেছেন, ‘এখন পর্যন্ত আমরা ছয়টি লাশ শনাক্ত করেছি। পাঁচটি লাশের ময়নাতদন্ত করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।’
নিহতদের একজন অশোক কুমার। তিনি পেশায় বাস কন্ডাক্টর এবং দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশনে কর্মরত ছিলেন।
তার ভাই দেবেন্দ্র কুমার বার্তাসংস্থা এএনআইকে বলেন, ‘অশোক ওর কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। একটি ভাড়া ঘরে থাকতেন উনি।’
দেবেন্দ্র কুমার জানান, সোমবারের বিস্ফোরণে নিহত আটজনের সরকারি তালিকায় তার ভাইও রয়েছেন।
তিনি আরো বলেন, অশোকের বয়স ২৬ থেকে ২৭ বছর। তার তিন সন্তান রয়েছে- দুটি মেয়ে ও এক ছেলে।
সূত্র : বিবিসি



