গ্রেফতার হওয়া তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাক’র সহ-প্রতিষ্ঠাতা বিনেশ চান্দেলের ১০ দিনের ইডি হেফাজত মঞ্জুর করেছে ভারতের আদালত।
মঙ্গলবার দিল্লির একটি আদালত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি) ১০ দিনের হেফাজত নেয়ার আদেশ দেয়।
পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের ঠিক আগে, সোমবার রাতে কয়লা পাচার মামলায় চান্দেলকে গ্রেফতার করে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দিল্লি পুলিশের দায়ের করা ফার্স্ট ইনফরমেশন রিপোর্টের ভিত্তিতে এই মামলার তদন্ত শুরু হয়।
আইপ্যাক হলো মমতা ব্যানার্জীর দল- তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা। গত জানুয়ারি মাসে এই একই মামলায় আইপ্যাকের আরেক প্রতিষ্ঠাতা প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের কলকাতা দফতরে তল্লাশি চালিয়েছিল ইডি।
সে সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী সশরীরে ওই স্থানে উপস্থিত হন। ইডির অভিযোগ, মমতা ব্যানার্জী তদন্তে বাধা সৃষ্টি করেছিলেন।
তৎকালীন সময়ে মমতা ব্যানার্জী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন যে, রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে পরিকল্পিতভাবে তার দলের সমস্ত নথিপত্র হাতিয়ে নেয়া হচ্ছে।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তৃণমূলের রাজ্যসভার সদস্য ডেরেক ও’ব্রায়েন বলেন, ‘আমরা বিনেশ চান্দেলের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। সেইসাথে নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রীয় সংস্থাগুলোকে সরিয়ে নেয়ার দাবিও রাখছি।’
সূত্র : বিবিসি



