ইসরাইল রোববার (২৪ মে) ভোররাতে গাজায় বিমান হামলা চালিয়েছে। এ হামলায় এক বছরের শিশুসহ এক ফিলিস্তিনি পরিবারের তিন সদস্য নিহত এবং আরো ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
এক হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
গত অক্টোবর থেকে আনুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় প্রতিদিনই সহিংসতা অব্যাহত রয়েছে। ইসরাইলি বাহিনী ও হামাস উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে।
দেইর আল-বালাহর আল-আকসা শহীদ হাসপাতাল জানিয়েছে, ভোরের আগে আল-নুসেইরাত শরণার্থী শিবিরে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরাইলি হামলার পর, এক দম্পতি ও তাদের শিশুর লাশ হাসপাতালে আনা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় প্রায় ১০ জন আহত হয়েছেন।
তিনজনের নিহত হওয়ার ঘটনায় ইসরাইলি বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে, গত ২৪ ঘণ্টায় মধ্য গাজায় হামাসের তিনটি অস্ত্র গুদামে হামলা চালানো হয়েছে বলে জানায় তারা।
গত অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।
তবে ইসরাইল বলছে, যে সব লক্ষ্যবস্তুকে তারা হুমকি হিসেবে মনে করে, সেগুলোর ওপর হামলা চালানোর অধিকার তাদের আছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ১০ অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকে কমপক্ষে ৮৯০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনীর পাঁচ সদস্যও একই সময়ে নিহত হয়েছেন বলে জানা গেছে।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, গাজায় গণমাধ্যমের ওপর বিধিনিষেধ ও প্রবেশাধিকার সীমিত থাকায় হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সূত্র: বাসস



