ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে পাঁচ পুলিশ কর্মকর্তা ও এক কিশোর (১৩) নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। গাজা পুলিশ এ তথ্য জানিয়েছে।
শনিবার (২৩ মে) তাওয়াম এলাকার একটি পুলিশ ফাঁড়িকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
গাজা পুলিশ অধিদফতর এক বিবৃতিতে জানিয়েছে, পুলিশ ফাঁড়িটিতে দু’টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
এ বিষয়ে ইসরাইলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
২০২৫ সালের ১০ অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির পর থেকে ইসরাইলি সামরিক বাহিনী গাজায় প্রায় প্রতিদিন হামলা চালিয়ে আসছে। ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধে এখন পর্যন্ত কমপক্ষে ৭২ হাজার ৭৭৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ৮৮৩ জন নিহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ৪৮ ঘণ্টায় গাজাজুড়ে বিভিন্ন হাসপাতালে আটজন ফিলিস্তিনির লাশ ও ২৯ জন আহত ব্যক্তিকে নিয়ে আসা হয়েছে।
সূত্র: রয়টার্স, আল জাজিরা



