ইসরাইলি হামলায় সিভিল ডিফেন্স স্থাপনা ধ্বংসের দাবি লেবাননের

লেবাননের সিভিল ডিফেন্স বিভাগ জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর নাবাতিয়েহতে তাদের আঞ্চলিক স্থাপনা রোববার (২৪ মে) ভোরে ইসরাইলি হামলায় ধ্বংস হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
লেবাননে ইসরাইলি হামলা
লেবাননে ইসরাইলি হামলা |সংগৃহীত

লেবাননের সিভিল ডিফেন্স বিভাগ জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর নাবাতিয়েহতে তাদের আঞ্চলিক স্থাপনা রোববার (২৪ মে) ভোরে ইসরাইলি হামলায় ধ্বংস হয়েছে।

বৈরুত থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

সিভিল ডিফেন্সের মহাপরিদফতর এক বিবৃতিতে জানায়, ‘শত্রু ইসরাইলি বাহিনীর সরাসরি হামলায়’ ভবনটি ধসে পড়ে। এতে বিপুল পরিমাণ যানবাহন ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে হামলায় তাদের কোনো সদস্য হতাহত হননি। ঘটনার আগেই কর্মীদের অন্য একটি স্থানে সরিয়ে নেয়া হয়েছিল বলে জানানো হয়।

মানবিক ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত একটি কেন্দ্রের ওপর হামলার নিন্দা জানিয়েছে সংস্থাটি। তারা বলেছে, চলমান পরিস্থিতিতে কার্যক্রম পরিচালনায় ক্রমবর্ধমান ঝুঁকি ও চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

গত ১৭ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। ইসরাইলের দাবি, তারা ইরান-সমর্থিত হিজবুল্লাহকে লক্ষ্য করে অভিযান চালাচ্ছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ বৃহত্তর আঞ্চলিক সঙ্ঘাতে দেশটি জড়িয়ে পড়ার পর থেকে ইসরাইলি হামলায় ১২৩ জন উদ্ধারকর্মী ও স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ ইসরাইলে রকেট হামলা শুরু করলে সঙ্ঘাতের বিস্তার ঘটে।

সূত্র: বাসস