লেবাননে ইসরাইলি হামলায় নিহত ২০

ইসরাইলি বাহিনী লেবাননে নতুন করে বিমান হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ২০ জন নিহত এবং আরো কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবন
ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবন |সংগৃহীত

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ও রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, ইসরাইলি বাহিনী লেবাননে নতুন করে বিমান হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ২০ জন নিহত এবং আরো কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।

লেবাননের ন্যাশনাল নিউজ অ্যাজেন্সি (এনএনএ) জানিয়েছে, শনিবার (২৩ মে) টায়ার শহরের উত্তরে আল-বাকবৌক এলাকায় ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে পাঁচজন নিহত এবং আরো দু’জন আহত হয়েছেন। উদ্ধারকারী দল চারটি লাশ উদ্ধার করেছে এবং এক নারীর লাশ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে।

নাবাতিয়েহ জেলার সিয়ের আল-ঘারবিয়া শহরে একটি আবাসিক ভবন লক্ষ্য করে চালানো হামলায় কমপক্ষে নয়জন নিহত এবং আরো ছয়জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

এনএনএ জানিয়েছে, রাশায়া আল-ওয়াদি জেলার আল-রাফিদ শহরে ভোরে ইসরাইলি হামলায় একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। আরেকটি বিমান হামলায় আল-শাহাবিয়া শহরে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন।

এনএনএ আরো জানিয়েছে, ইসরাইলি হামলায় টায়ার জেলার আল-হুশ শহরে একজন এবং দেইর কানুন এন-নাহর শহরে চারজন নিহত হয়েছেন।

গত ২ মার্চ থেকে ইসরাইলি হামলায় লেবাননে তিন হাজার ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। ১৬ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরেও হামলা অব্যাহত রয়েছে।

শুক্রবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, নিহতদের মধ্যে ১২৩ জন স্বাস্থ্যকর্মী, কমপক্ষে ২১০ জন শিশু এবং প্রায় ৩০০ জন নারী রয়েছেন।

সূত্র: আল জাজিরা