ময়মনসিংহের মুক্তাগাছায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক কলা ব্যবসায়ীকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার (২৪ মে) সকালে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে শনিবার বিকেলে মুক্তাগাছা ও মধুপুরের সীমান্তবর্তী রসুলপুর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ীর নাম শফিকুল ইসলাম শফু (৩৫)। তিনি পাশের চানপুর গ্রামের মরহুম হাসুন আলীর ছেলে। এ ঘটনায় পুলিশ বকুল মুন্সি নামের এক ব্যক্তিকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম শফু রসুলপুর বাজারের এক মুদিদোকানি আল আমীনের কাছে তিন হাজার টাকা পাওনা ছিলেন। শনিবার বিকেলে ওই টাকা চাইতে গেলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় আল আমীন শফুর গলা চেপে ধরলে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি কামরুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় আনা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



