জনগণ চুড়ান্ত আন্দোলনের জন্য প্রস্তুত : অ্যাডভোকেট হেলাল

‘দুই মাসেই সরকারের ফ্যাসিবাদী চেহারা জনগণের সামনে প্রকাশ পেয়েছে। ঐকমত্য কমিশনে জুলাই সনদ বাস্তবায়নে একমত হয়ে ক্ষমতায় গিয়ে বিএনপি এখন প্রতারণা করতে চাইছে। তারা আইন আদালতকে কুক্ষিগত করে জুলুমকে বৈধতা দিতে চায়।’

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barishal
১১ দলীয় ঐক্যের গণমিছিল
১১ দলীয় ঐক্যের গণমিছিল |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, ‘জনগণ চুড়ান্ত আন্দোলনের জন্য প্রস্তুত। সময় থাকতে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করে জনদাবি মেনে নিন।’

তিনি বলেন, ‘অন্যদের গুপ্ত ট্যাগ দিয়ে একজন তার লন্ডনে পালিয়ে থাকার ইতিহাসকে ঢাকতে চাইছেন। জনগণকে এত বোকা ভাববেন না। তারা সবই বুঝে গেছে। আবারো ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য জুলাই আন্দোলনে এত মানুষ জীবন দেয়নি।’

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে বরিশালে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সঙ্কট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে নগরীর টাউনহল প্রাঙ্গণে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

মুয়াযযম হোসাইন হেলাল বলেন, ‘দুই মাসেই সরকারের ফ্যাসিবাদী চেহারা জনগণের সামনে প্রকাশ পেয়েছে। ঐকমত্য কমিশনে জুলাই সনদ বাস্তবায়নে একমত হয়ে ক্ষমতায় গিয়ে বিএনপি এখন প্রতারণা করতে চাইছে। তারা আইন আদালতকে কুক্ষিগত করে জুলুমকে বৈধতা দিতে চায়।’

সমাবেশে সভাপতির বক্তব্যে মহানগর জামায়াতের আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, ‘দুই মাস না যেতেই সরকার জাতিকে হতাশ করেছে। ফ্যাসিবাদি আমলের আইনগুলোকে পুণর্বহাল করা হচ্ছে। ক্যাম্পাস দখলের রাজনীতি শুরু হয়েছে। থানার মধ্যে ডাকসু নেতাদের ওপর আক্রমণ হয়েছে। এসব ফ্যাসিবাদী আচরণ জনগণ কোনোভাবেই মেনে নেবে না। ছাত্রশিবির এদেশের ছাত্র সমাজের আস্থার ঠিকানা, ছাত্রশিবিরকে একা ভাবার সুযোগ নেই। ছাত্রশিবিরের ওপর আক্রমণ হলে এদেশের ছাত্র-জনতা সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।’

সমাবেশে আরো বক্তব্য রাখেন মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, সহকারী সেক্রেটারি হাফেজ মাওলানা আতিকুল্লাহ, এনসিপির বরিশাল জেলা আহ্বায়ক আবু সাঈদ মুসা, এনসিপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য রফিকুল ইসলাম কনক, লেবারপার্টির মহানগর সভাপতি এস এম সোহেল মাহমুদ, এবি পার্টির সুমন তালুকদারসহ ১১দলীয় ঐক্যের জেলা ও মহানগর নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান।

সমাবেশ শেষে বিশাল এক বিক্ষোভ মিছিল টাউনহল থেকে শুরু হয়ে সদর রোড, ফজলুল হক এভিনিউ, চকবাজারসহ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।