যশোরের চৌগাছায় ঝন্টু মিয়া (৩২) নামে এক ফার্নিচার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরো একজন মারাত্মক আহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ মে) রাত ৯টার দিকে উপজেলার দক্ষিণ সাগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ঝন্টু মিয়া পেশায় একজন ফার্নিচার ব্যবসায়ী ও মাড়ুয়া গ্রামের শফিয়ার রহমানের ছেলে। এ ঘটনায় নিহত ঝন্টু মিয়ার চাচাতো ভাই আশানুর রহমান (৩৫) মারাত্মক আহত হয়েছেন। আহত আশানুর রহমান একই গ্রামের মশিয়ার রহমানের ছেলে।
নিহত ঝন্টু মিয়ার মামা তরিকুল ইসলাম জানান, প্রেমের ফাঁদে ফেলে আমার বড় ভাইয়ের মেয়ে তামিমা আক্তার জুঁইকে (১২) এক বখাটে ছেলে নিয়ে পালিয়ে যায়। এ নিয়ে দক্ষিণ সাগর গ্রামের জহুরুল ইসলাম দাউদের ছেলে আবু উবাইদার (৩৫) সাথে কথা কাটাকাটি হয়। পরে আবু উবাইদা ও তার সহযোগীরা ধারালো ছুরি দিয়ে ঝন্টু মিয়া ও আশানুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে। আহতদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে জরুরী বিভাগের চিকিৎসক ডা: ফাহমিদা ইয়াসমিন জ্যোতি জানান, ঝন্টু মিয়া হাসপাতালে আনার আগেই মারা যান। আহত আশানুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় চৌগাছা থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পর আসামিদের আটক করতে এলাকায় থানা পুলিশ অভিযান পরিচালনা করছে।



