দেশের অন্যতম শীর্ষ শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি–এর ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) বাধ্যতামূলক অবসরে পাঠানোর অভিযোগ এবং ব্যাংকটিতে পুনরায় প্রভাব বিস্তারের অপচেষ্টার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ মে) সকালে কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় ইসলামী ব্যাংকের কুমিল্লা শাখা কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রায় এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে অংশগ্রহণকারীরা ইসলামী ব্যাংক রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং ব্যাংকের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের প্রতিবাদ জানান।
কুমিল্লা ইবনে তাইমিয়া কলেজের সহকারী অধ্যাপক মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন অধ্যাপক জাকির হোসেন, মাওলানা দেলোয়ার হোসেন সবুজ, তাহমিনা বানু ও শামিমা নারগীস। অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ হোসাইন।
বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের লাখো মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক। একটি সফল ও জনমুখী আর্থিক প্রতিষ্ঠানকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা দেশের অর্থনীতির জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তারা অবিলম্বে ব্যাংকে সব ধরনের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ বন্ধ এবং গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান ।
মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার শত শত গ্রাহক, ব্যবসায়ী, নারী-পুরুষ অংশ নেন।



