ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটের দলদলী ইউনিয়নের অসহায় ও হতদরিদ্রদের মাঝে বরাদ্দকৃত ঈদুল ফিতরের উপহার (ভিজিএফ) চাল বিতরণে নানা অনিয়মের অভিযোগ ওঠেছে।
রোববার (১৬ মার্চ) দরিদ্রদের মাঝে ভিজিএফের ২ হাজার ৮১৬টি কার্ডের চাল বিতরণ করা হয়।
জানা যায়, রোববার দরিদ্রদের জন্য ভিজিএফের ২ হাজার ৮১৬টি কার্ডের চাল বিতরণ করা হয়। এসময় ভিজিএফের অধিকাংশ কার্ড ব্যবসায়ীদের কাছে চেয়ারম্যান-মেম্বাররা বিক্রি করে দিয়েছেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
স্থানীয়রা বলেন, বিতরণের দিন ব্যবসায়ীদের লোকজন চাল তুলে নিয়ে যান। এদিকে মেম্বার-চেয়ারম্যানরা অনেককে একাধিক কার্ড দেন। পরে তারা সে চাল নিয়ে ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন।
সরজমিনে গিয়ে দেখা যায়, ইউনিয়ন পরিষদ থেকে ব্যবসায়ীরা চালের বস্তা মাথায় করে নিয়ে আসছেন।
এদিকে ইউনিয়নের পাশের বাড়ির গোয়াল ঘরে পাওয়া যায় ৩৫টি চালের বস্তা।
তবে তারা বলেন, ‘আমরা যেগুলো কার্ড কিনে নিয়েছি সেগুলো কার্ড দিয়ে এসব চাল নিয়ে এসেছি।’
রকিয়া নামের স্থানীয় এক মহিলা বলেন, ‘আমি কার্ড পাইনি, তাও চাল নিতে এসেছিলাম। এসে দেখি ৩-৪ বস্তা চাল আছে। যারা চাল কিনে নিচ্ছে তাদের বলছে দ্রুত নিয়ে যান।’
তবে সেখানে থাকা এক মহিলা বলেন, ‘৪-৫ টা করে কার্ড দিচ্ছে, চাল নিয়ে এসে বিক্রি করে দিচ্ছে। আমাকে একটাও কার্ড দেয়নি। বসে থাকার পর আমাকে ৫ কেজি চাল দিছে।’
দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মোজাম্মেল হক চুটু বলেন, ‘আমরা তো কার্ড বিতরণ করে দিচ্ছি। চাল নিয়ে বাইরে বিক্রি করে দিলে তো কিছু করার নেই।’
চাল বিতরণের দায়িত্বে থাকা সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু আহমেদ অহেদুজ্জামান বলেন, ‘পাশের বাড়িতে থাকা চালগুলো ব্যবসায়ীদের ক্রয় করা চাল। জনপ্রতিনিধিরা যাদের কার্ড দিয়েছে তারা চাল নিয়ে বিক্রি করে দিয়েছে। একজন ব্যক্তি একাধিক কার্ডের চাল নেয়ার কোনো নিয়ম নেই। আমি সাড়ে তিনটা পর্যন্ত ইউনিয়ন পরিষদের ভেতর থেকে ব্যাবসায়ীদের চাল নিয়ে যেতে দেখিনি।‘



