ডিমলা (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারীর ডিমলা উপজেলায় বজ্রপাতে মো: রবিউল আলম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই সময় মোসা: সেরিনা বেগম (৪০) নামে আরেক নারী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নাউতারা ইউনিয়নের নিজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রবিউল আলম নিজপাড়া এলাকার নূরুল হকের ছেলে। আহত সেরিনা বেগম উপজেলার শোভনগঞ্জ বালাপাড়া এলাকার মো: জাহিদুল ইসলামের স্ত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, রবিউল আলম প্রতিদিনের মতো বাড়ির উঠানে কাজ করছিলেন। সন্ধ্যায় তীব্র তাপপ্রবাহের পর হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান রবিউল আলম।
একই সময়ে মোসা: সেরিনা বেগম বজ্রপাতে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।
ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: হাবিবুল্লাহ খান বলেন, ‘রবিউল আলমকে হাসপাতালে আনার পর তাৎক্ষণিক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়। আহত সেরিনা বেগমকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।’



