কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরি নদীর চোরা বালিতে আটকে পানিতে ডুবে নুরে ইলাহি নাহিদ (১৩) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে বন্ধুদের সাথে খেলতে গিয়ে নদী পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নাহিদ চকরিয়া উপজেলার উত্তর কাহারিয়া ঘোনা খোন্দকার পাড়ার বাসিন্দা অলি উল্লাহ রণীর ছেলে এবং চকরিয়া করোক বিদ্যাপীঠের শিক্ষার্থী।
স্থানীয়রা জানায়, নদীর পানি কম থাকায় নাহিদ ও তার বন্ধুরা পায়ে হেঁটে নদী পার হচ্ছিল। এ সময় চোরা বালিতে আটকে পড়ে সে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী অভিযোগ করেছেন, মাতামুহুরি নদীর বিভিন্ন পয়েন্টে শক্তিশালী ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি মহল এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর ফলে নদীর দুই তীরের আবাদি জমি, গ্রামীণ সড়ক ও শহর রক্ষাবাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
স্থানীয়রা আশঙ্কা করছেন, বর্ষা মৌসুমে এ অবৈধ বালু উত্তোলনের প্রভাব আরো ভয়াবহ আকার ধারণ করবে।



