গাবতলীতে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবা নিহত, ছেলে আটক

রাত আনুমানিক ২টার দিকে নজরুল ইসলামের ছেলে মো: শিপন মিয়া (২০) বাড়িতে এসে দরজা খোলার জন্য ডাকাডাকি শুরু করেন। দরজা খুলতে দেরি হওয়ায় শিপন ক্ষিপ্ত হয়ে বাঁশের লাঠি দিয়ে তার বাবার মাথায় আঘাত করেন।

Location :

Gabtali
আটক ঘাতক ছেলে মো: শিপন মিয়া
আটক ঘাতক ছেলে মো: শিপন মিয়া |নয়া দিগন্ত

গাবতলী (বগুড়া) সংবাদদাতা

বগুড়ার গাবতলীতে মাদকাসক্ত এক ছেলের লাঠির আঘাতে বাবা নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ঘাতক ছেলেকে আটক করেছে।

জানা গেছে, কলাকোপা গ্রামের মোজাহার আলীর ছেলে নজরুল ইসলাম নজু (৪৫) প্রতিদিনের মতো খাওয়া-দাওয়া শেষে রাতে নিজঘরে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ২টার দিকে নজরুল ইসলামের ছেলে মো: শিপন মিয়া (২০) বাড়িতে এসে দরজা খোলার জন্য ডাকাডাকি শুরু করেন। দরজা খুলতে দেরি হওয়ায় শিপন ক্ষিপ্ত হয়ে বাঁশের লাঠি দিয়ে তার বাবার মাথায় আঘাত করেন।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় নজরুল ইসলামকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, শিপন পেশায় একজন রাজমিস্ত্রী। তিনি বিবাহিত। সংসার জীবনে তার একটি সন্তান রয়েছে। বিয়ের আগে থেকেই তিনি মাদকে আসক্ত ছিলেন। সবাই ভেবেছিল, বিয়ে করলে হয়তো তিনি ভালো হতে পারেন।

খবর পেয়ে মডেল থানার ওসি (তদন্ত) আবু মুসা, এসআই শাহাদত ও এসআই জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্স নিয়ে

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ২টার দিকে বালিয়াদিঘী ইউনিয়নের মালিয়ানডাঙ্গা গ্রামের ভুট্টাক্ষেত থেকে ঘাতক শিপনকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান বলেন, ছেলের লাঠির আঘাতে বাবা মারা গেছে। ছেলে শিপনকে আটক করা হয়েছে। নিহতের বড়ভাই মামলার প্রস্তুতি নিচ্ছেন।