শিশু রামিসা হত্যার বিচার দাবিতে ভোলায় মানববন্ধন

আজ ঘরে-বাইরে কোথাও শিশু ও নারীরা নিরাপদ নয়। এই নিরাপত্তার ব্যর্থতার দায় রাষ্ট্রকে নিতে হবে। যদি অতি দ্রুত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করা না হয়, তবে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আরো কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।

ভোলা প্রতিনিধি

Location :

Bhola
শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন |নয়া দিগন্ত

মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার বিচার এবং দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ভোলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া এ ঘটনায় জেলা প্রশাসক (ডিসি) বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বিক্ষোভকারীরা।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে ভোলা প্রেসক্লাবের সামনে ‘জাতীয় ছাত্রশক্তি’ ভোলা জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন জাগরণ ফাউন্ডেশনের নেত্রী শাহানাজ বেগম চিনু, সংগঠক মীর মোশারেফ অমি, এনসিপি নেতা শরীফ হোসেন, ভোলা জেলা জাতীয় ছাত্রশক্তির নেতা রাশেদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঢাকার পল্লবীতে শিশু রামিশার সাথে যে নৃশংস ও পৈশাচিক ঘটনা ঘটেছে, তা পুরো দেশের মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে। সভ্য সমাজে এমন বর্বরোচিত ঘটনা কোনোভাবেই মেনে নেয়া যায় না। আমরা অবিলম্বে ট্রাইব্যুনালের মাধ্যমে এ ঘটনার সাথে জড়িত ধর্ষক ও খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।

দেশে নারী ও শিশুদের নিরাপত্তাহীনতার চিত্র তুলে ধরে বক্তারা আরো বলেন, আজ ঘরে-বাইরে কোথাও শিশু ও নারীরা নিরাপদ নয়। এই নিরাপত্তার ব্যর্থতার দায় রাষ্ট্রকে নিতে হবে। যদি অতি দ্রুত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করা না হয়, তবে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আরো কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল-পরবর্তী সময়ে প্রতিনিধি দলটি ভোলা জেলা প্রশাসক (ডিসি) বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। কর্মসূচিতে বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনকে আরো কঠোর হওয়ার আহ্বান জানান।