সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান, গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সঙ্কট নিরসনের দাবিতে কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মে) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় ১১ দলের কুমিল্লা জেলা উত্তরের উদ্যোগে এ গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি চান্দিনা পালকি সিনেমা হলের সামনে থেকে শুরু হয়ে চান্দিনা বাসস্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন বলেন, অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, অন্যথায় এ দেশের জনগণ আবারো রাজপথে নেমে এসে জুলাই সনদ বাস্তবায়ন করবে।
সমাবেশে কুমিল্লা উত্তর জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকার, জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লোকমান হাকিম ভুঁইয়া, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চান্দিনা উপজেলা প্রধান সমন্বয়ক অভিক ও ১১ দলের নেতার বক্তব্য রাখেন।



