গৌরনদীতে বন্ধ গ্যারেজ থেকে মিস্ত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার

মঙ্গলবার রাতে উপজেলার বার্থী তারাঁ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মহাসড়ক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

জহুরুল ইসলাম জহির, গৌরনদী (বরিশাল)

Location :

Gaurnadi
গ্যারেজ থেকে লাশ উদ্ধার
গ্যারেজ থেকে লাশ উদ্ধার |ফাইল ছবি

বরিশালের গৌরনদীর একটি বন্ধ গ্যারেজের ভেতর থেকে জালাল কাজী (৫০) নামের এক মাহেন্দ্র ও ইজিবাইক মিস্ত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে উপজেলার বার্থী তারাঁ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মহাসড়ক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

জালাল কাজী পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ভালুকশী গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের মরহুম সেকান্দার কাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বার্থী তারাঁ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মহাসড়কের পাশে স্থানীয় পান্নু বেপারীর কাছ থেকে দোকান ভাড়া নিয়ে গত চার বছর ধরে গ্যারেজ পরিচালনা করছিলেন জালাল। গত কয়েকদিন ধরে গ্যারেজটি বন্ধ থাকায় এলাকাবাসীর সন্দেহ হয়। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে গ্যারেজের ভেতর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্যারেজের দরজা ভেঙে ভেতর থেকে অর্ধগলিত অবস্থায় তার লাম উদ্ধার করে।

নিহতের বড় ভাই কামাল কাজী জানান, জালাল সম্প্রতি একটি ঘর নির্মাণের কাজ শুরু করেছিলেন। তিনি অবিবাহিত হওয়ায় অধিকাংশ সময় গ্যারেজেই রাতযাপন করতেন। প্রায় তিন দিন আগে বাড়িতে তার সাথে শেষ দেখা হয়েছিল, তখন তিনি কিছুটা অসুস্থ ছিলেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, গ্যারেজের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে লাশ। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা করেছে পুলিশ।

Topics