মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৪৫ জেলে আটক

উপজেলার নলচিরা ও চেয়ারম্যান ঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড স্টেশন হাতিয়া।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
আটক জেলেরা
আটক জেলেরা |নয়া দিগন্ত

নোয়াখালীর হাতিয়ায় সরকার ঘোষিত ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান চালিয়ে ৪৫ জেলে আটক ও চারটি ফিশিং বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় বিপুল পরিমাণ সামুদ্রিক মাছও জব্দ করা হয়।

মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নলচিরা ও চেয়ারম্যান ঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড স্টেশন হাতিয়া।

কোস্টগার্ড সূত্র জানায়, সন্দেহজনক চারটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় এক হাজার ৮০০ কেজি ইলিশ ও দুই হাজার ৫০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৭ লাখ ৮৫ হাজার টাকা। পরে হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিয়ুর রহমানের ভ্রাম্যমাণ আদালত আটক জেলেদের জরিমানা করে।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো: আবুল কাশেম বলেন, ‘জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা, মাদরাসা ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষা ও নিষেধাজ্ঞা কার্যকর করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।’